


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙা হিংসা মামলায় ছয় অভিযুক্তকে ২৭ মার্চ পর্যন্ত জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার কলকাতার বিচারভবনের এনআইএ’র বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজি এই আদেশ দিয়েছেন। মামলায় বাকি ২৫ জন অভিযুক্ত বর্তমানে জেল হেপাজতে আছেন। তাঁদেরকে ফের ২৭ মার্চ আদালতে হাজির করা হবে।
এনআইএ’র বিশেষ সরকারি কৌঁসুলি শ্যামল ঘোষ এদিন বলেন, ছয় অভিযুক্ত এনআইএ হেপাজতে থাকা কালে তাঁদেরকে জেরা করে তদন্তকারীরা ইতিমধ্যে নানা তথ্য পেয়েছেন। তাতে এই মামলায় গতি আসবে। পাশাপাশি কয়েকজন অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তা আদালতের অনুমতি নিয়ে ফরেনসিকে পাঠানোও হয়েছে।
ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়, মামলার তদন্তের প্রয়োজনে ধৃতদের জেলে গিয়ে জেরা করা হবে। শুনানি চলাকালে কেস‑ডায়েরি আদালতে পেশ করা হয়। এদিন অভিযুক্তদের কৌঁসুলিরা আদালতে দাবি করেন, তাঁদের মক্কেলদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন। অহেতুক কড়া ধারা দেওয়া হয়েছে। তাই যে কোনও শর্তে জামিন দেওয়া হোক। উভয়পক্ষের শুনানির শেষে বিচারক ধৃতদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় এনআইএ ধৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ইউএপিএ’র ১৫(১) ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে।