


• মাতৃত্বের কি কোনও বয়স হয়? অভিনেত্রী শ্রীলীলা অন্তত মাতৃত্বকে নির্দিষ্ট কোনও বয়সের সীমারেখায় আবদ্ধ রাখতে চান না। মাত্র ২১ বছর বয়সেই দুই সন্তানের মা হয়েছিলেন তিনি। ২০২২ সালে একটি অনাথ আশ্রম থেকে বিশেষ ক্ষমতা সম্পন্ন দুই শিশুকে দত্তক নিয়েছিলেন। পুত্র সন্তান গুরু ও কন্যা শোভিতাকে নিয়েই ছিল তাঁর জীবন। ফের আরও এক সন্তানের মা হলেন নায়িকা। এবার কন্যা সন্তান দত্তক নিয়েছেন তিনি। সদ্য সেই শিশুর সঙ্গে ভক্তদের আলাপ করিয়ে দিলেন শ্রীলীলা। ‘পুষ্পা ২’ ছবিতে বিশেষ নাচের দৃশ্যে নজর কেড়েছিলেন অভিনেত্রী। আবার অনুরাগ বসুর একটি ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করেছেন নায়িকা। সদ্য উত্তরবঙ্গে শ্যুটিংয়ে এসেছিলেন তিনি। কার্তিকের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে। এই আবহে শ্রীলীলার পরিবারে নতুন সদস্যের আগমনের খবরে খুশি অনুরাগীরা।