


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল সরকারের পতনের পরই পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। আর এর মধ্যেই রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কিত মামলার পক্ষে বা বিপক্ষে এখনই কোনও রায় ঘোষণা না করার জন্য হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে অনুরোধ করলেন বিজেপির আইনজীবীরা। আজ, মঙ্গলবার এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। গতকাল অর্থাৎ সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। তারমধ্যেই আজ পদত্যাগের সিদ্ধান্ত নেন কিশোর দত্ত। ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়েও দিয়েছেন রাজ্যপালের কাছে। তৃণমূল সরকারের আমলে দুবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর পদত্যাগ করেছিলেন কিশোর দত্ত। তখন দায়িত্ব নিয়েছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দেন সৌমেন্দ্রনাথবাবু। সেই বছরের ডিসেম্বর মাসেই ফের ওই পদে নিয়োগ করা হয় কিশোর দত্তকে। তারপর থেকে ওই পদেই আসীন ছিলেন তিনি।
উল্লেখ্য, অ্যাডভোকেট জেনারেল পদটি সাংবিধানিক পদ। অ্যাডভোকেট জেনারেল কে হবেন সেই বিষয়ে রাজ্য সরকার কোনও ব্যক্তির নাম সুপারিশ করে রাজভবনে। এরপর রাজ্যপাল এই পদে তাঁকে নিয়োগ করেন। মূলত রাজ্য সরকারের মুখ্য আইনি উপদেষ্টাই অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত হন। সরকার চালাতে গেলে যে ধরণের আইনি পরামর্শের প্রয়োজন পড়ে সেটি প্রদান করে থাকেন অ্যাডভোকেট জেনারেল।