


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারাতলা-বিপর্যয় কাণ্ডে এবার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার শান্তনু দত্তকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার প্রশাসক তথা পুর কমিশনার স্মিতা পান্ডে তাঁকে কমিশনারের চেম্বারে আগামী কাল, শনিবার বেলা তিনটে নাগাদ হাজিরায় উপস্থিত থাকতে বলেছেন। চিঠিতে কমিশনার লিখেছেন, তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে যে ঘটনা ঘটেছে, সেখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিজের দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করেননি। যে কারণে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। তাই, শান্তনু দত্তের বক্তব্য জানতে তাঁকে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের আইনের ৪১৪(৪) ধারায় হাজিরায় ডেকে পাঠানো হয়েছে। পুরসভার সূত্রে খবর, এই ধারা অনুসারে যদি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের বক্তব্য সন্তোষজনক না মনে হয়, তাহলে পুর কর্তৃপক্ষ তাঁর লাইসেন্স ক্যানসেল বা রিমুভ করে দিতে পারে। এমনকি ৪১৪(৫) নম্বর ধারায় গ্রেফতার করতে পারে। তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর করতে পারে।