


দুবাই: ধূসর চুলের সঙ্গে কালো দাড়ি। চোখে রোদ চশমা। এশিয়া কাপের আসরে টিম ইন্ডিয়া প্রথম দিনের অনুশীলনে নতুন লুকে হার্দিক পান্ডিয়া। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার লেখেন, ‘নতুন আমি’। দুটো শব্দে তিনি যেন অনেক কিছু বোঝাতে চেয়েছেন। কঠিন সময় পিছনে ফেলে সামনে তাকাচ্ছেন হার্দিক। এশিয়া কাপ হতে চলেছে তাঁর ঘুরে দাঁড়ানোর মঞ্চ। তবে বৃহস্পতিবার মুম্বই থেকে দুবাইগামী বিমানে ওঠার আগে হার্দিকের যে ছবি সামনে এসেছিল, তাতে ধূসর চুল ছিল না। দুবাইয়ে পৌঁছেই তিনি লুক বদলে ফেলেছেন। সেই ছবি রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়। নতুন লুকে হাজির সূর্যও। কানের উপরে দু’পাশেই চুল ছেঁটে ফেলেছেন তিনি। অথচ, আমিরশাহির উড়ান ধরার সময় তা ছিল না। পরিষ্কার, দুবাইয়ে রেখেই সেলুনে গিয়েছিলেন তিনি। সাড়া ফেলেছে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের নয়া হেয়ারস্টাইলও।
গতকালই ভারতীয় ক্রিকেটাররা দুবাইয়ে পৌঁছেছিলেন। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন সূর্যকুমার যাদব, শুভমান গিলরা। স্বভাবতই বেশ ফুরফুরে মেজাজে তাঁরা। এশিয়া কাপ দিয়েই টিম ইন্ডিয়ার নতুন মরশুম শুরু। আট দলের টুর্নামেন্টে খেতাব জয়ের প্রবল দাবিদার ভারত। শক্তিশালী দল নিয়েই আসরে হাজির কোচ গৌতম গম্ভীর। টি-২০ ফরম্যাটে এশিয়া কাপের আসরে তিনবার পাকিস্তানের মুখোমুখি হতে পারে মেন ইন ব্লু। সেজন্য অবশ্য দুই দলকেই ফাইনালে উঠতে হবে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের প্রথম সাক্ষাৎকার ১৪ সেপ্টেম্বর গ্রুপের ম্যাচে। টিম ইন্ডিয়ার গ্রুপ খুবই সহজ। ১০ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহি। ১৪ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে ধুন্ধুমার লড়াই। ১৯ তারিখ গ্রুপের শেষ ম্যাচে ভারত খেলবে ওমানের বিরুদ্ধে। তাই সুপার ফোরে উঠতে খুব বেশি বেগ পেতে হবে না সূর্যদের।
দুবাইয়ে এখন প্রচণ্ড গরম। দুপুরের দিকে তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই। তাই ফ্লাড লাইটে প্র্যাকটিস করছেন গিলরা। শুক্রবার বিকেলের মধ্যে ক্রিকেটাররা আইসিসি’র অ্যাকাডেমির মাঠে হাজির হন। প্রথমে ক্যাপ্টেনস টক। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটাররা নীল রংয়ের যে জার্সি পরে প্র্যাকটিসে নেমেছিলেন, তাতে কোনও লোগো ছিল না। সেটাই প্রত্যাশিত। কারণ, অনলাইন গেমিং সংস্থা ড্রিম ইলেভেন স্পনসরশিপ থেকে সরে দাঁড়িয়েছে ব্যবসা বন্ধ হওয়ার কারণে। বিসিসিআই নতুন দরপত্র অহ্বান করেছে। সেটা চূড়ান্ত হতে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ গড়াতে পারে। তাই স্পনসর ছাড়াই খেলতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।
ওয়ান ডে দলে গিলের কামব্যাক ভারতের ব্যাটিং লাইন-আপ বদলে দেবে। খুব সম্ভবত, অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবেন গিল। তাহলে সঞ্জু স্যামসনের কি হবে, এই প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মনে। একই সঙ্গে ভারত কোন দুই স্পিনারকে খেলাবে, তা নিয়েও জল্পনা তুঙ্গে। অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল খেলবেনই। দ্বিতীয় স্পিনার হিসেবে খেলতে পারেন কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তী। কেউ কেউ মনে করছেন, এই দু’জনকেই খেলানো উচিত। সেক্ষেত্রে অবশ্য বিশেষজ্ঞ পেসার হিসেবে একজনের বেশি খেলানো যাবে না। অর্থাৎ, যশপ্রীত বুমরাহ বা অর্শদীপ সিংয়ের মধ্যে কোনও একজন থাকবেন প্রথম এগারোয়।