


দুবাই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা দু’ম্যাচে হাফ-সেঞ্চুরির পুরস্কার পেলেন সূর্যকুমার যাদব। সদ্যপ্রকাশিত আইসিসি টি-২০ র্যাংকিংয়ে পাঁচ ধাপ উঠে এলেন তিনি। ব্যাটারদের তালিকায় ‘স্কাই’ আপাতত রয়েছেন সপ্তম স্থানে। উল্লেখ্য, চলতি সিরিজের প্রথম তিন ম্যাচে সূর্যর ব্যাটে এসেছে যথাক্রমে ৩২, অপরাজিত ৮২ ও অপরাজিত ৫৭। বুধবার যদিও তিনি ব্যর্থ হন। পুরুষদের ব্যাটিংয়ের শীর্ষে যথারীতি অভিষেক শর্মাই রয়েছেন। তাঁর রেটিং ৯০৮। তিন নম্বরে জায়গা ধরে রেখেছেন তিলক ভার্মা। যদিও চোটের জন্য কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজে তিনি খেলছেন না। দু’নম্বরে আছেন ফিল সল্ট।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে নজর কেড়েছেন ঈশান কিষান। রায়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৩২ বলে ৭৬ করেন তিনি। র্যাংকিংয়ে তাঁর জায়গা এখন ৬৪ নম্বরে। ৯ ধাপ উঠেছেন শিবম দুবে (৫৬)। ১৩ ধাপ এগিয়েছেন রিঙ্কু সিং (৬৮)। বোলারদের র্যাংকিংয়ে এগিয়েছেন দুই ভারতীয় যশপ্রীত বুমরাহ ও রবি বিষ্ণোই। চার ধাপ উঠে ‘বুমবুম’ এখন ১৩ নম্বরে। আর ১৯ নম্বরে উঠে এসেছেন লেগস্পিনার। হার্দিক পান্ডিয়া রয়েছেন ৫৯তম স্থানে। বোলারদের শীর্ষে অবশ্য বরুণ চক্রবর্তীই আছেন। তাঁর রেটিং ৮০৪।