


মুম্বই: ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন শুভমান গিল। জায়গা করে নিলেন এশিয়া কাপ স্কোয়াডে। প্রায় এক বছর পর তাঁকে ফের দেখা যাবে টি-২০ ফরম্যাটে। কিন্তু আইপিএলে চমকপ্রদ সাফল্য সত্ত্বেও ব্রাত্য শ্রেয়স আয়ার। তাই ক্রিকেটমহলে চলছে জোরদার বিতর্ক।
সূর্যকুমার যাদবের নেতৃত্বেই এশিয়া কাপে খেলবে ভারত। অক্ষর প্যাটেলকে সরিয়ে সহ-অধিনায়ক করা হয়েছে গিলকে। এই প্রসঙ্গে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের ধারণা, এর পিছনে রয়েছে নির্বাচকমণ্ডলী এবং টিম ম্যানেজমেন্টের সুদূরপ্রসারী চিন্তাভাবনা। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে। ঘরের মাঠে সংক্ষিপ্ততম ফরম্যাটে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন যদি গিলের হাতে থাকে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আসলে কোচ গম্ভীর এমনটাই চাইছেন। তাঁর ইচ্ছাতেই টেস্ট অধিনায়ক করা হয়েছিল গিলকে। ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। ৭৫৪ রান করে হন সিরিজের সেরা। এবার ধীরে ধীরে সব ফরম্যাটে গিলের হাতে নেতৃত্বভার তুলে দেওয়ার নীল নকশা সাজাচ্ছেন কোচ গম্ভীর। সেটা কতটা সফল হবে, তা সময় বলবে। তবে গিলকে টি-২০ দলে ঢোকাতে গিয়ে কোপ পড়েছে যশস্বী জয়সওয়ালের উপর। তিন ওপেনার অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ও জয়সওয়ালের মধ্যে একজনকে বাদ দিতেই হতো। সঞ্জু উইকেটরক্ষকের ভূমিকা পালন করবেন। অভিষেককে অলরাউন্ডার হিসেবে তুলে ধরেছেন নির্বাচক প্রধান অজিত আগরকর। এই যুক্তিতেই কোপ যশস্বীর উপর, স্কোয়াড থেকে ছিটকে তিনি আপাতত স্ট্যান্ড-বাই।
এশিয়া কাপের আসর বসবে সংযুক্ত আরব আমিরশাহিতে। ভারত গ্রুপে খেলবে তিনটি ম্যাচ। ১০ সেপ্টেম্বর লড়াই সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর মহারণে প্রতিপক্ষ পাকিস্তান। শেষ ম্যাচে ১৯ সেপ্টেম্বর সামনে ওমান। অর্থাৎ গ্রুপ পর্বের বাধা বলতে পাকিস্তানই। এমনিতেই বাইশ গজে ভারত-পাক লড়াই মানেই বাড়তি উত্তেজনা। এবার তা থাকবে অনেক বেশি। নেপথ্যে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং সিন্দুর অভিযান।
মঙ্গলবার দুপুর দেড়টায় ঘোষণা হওয়ার কথা ছিল এশিয়া কাপের স্কোয়াড। কিন্তু মুম্বইয়ে প্রবল বৃষ্টিপাতের কারণে নির্বাচনী বৈঠকে পৌঁছতে দেরি হয় আগরকর ও বোর্ড সচিবের। শেষ পর্যন্ত আড়াইটায় জানানো হয় ক্রিকেটারদের নাম। অনেকেরই মনে হয়েছিল, রিঙ্কু সিং বাদ পড়বেন। কিন্তু নির্বাচকরা তাঁর উপর ভরসা রেখেছেন। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে আছেন জিতেশ শর্মা। অলরাউন্ডার শিবম দুবেও স্কোয়াডে জায়গা পেয়েছেন। তাহলে শ্রেয়স কী দোষ করলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।
এশিয়া কাপে খেলবেন বুমরাহ। ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আগরকর। সঙ্গে অর্শদীপ সিং এবং কোচ গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানা। দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলের ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু মরুদেশে খেলা, তাই স্পিনের উপর বাড়তি জোর দিয়েছেন নির্বাচকরা। বরুণ চক্রবর্তীর সঙ্গী কুলদীপ যাদব। লম্বা টুর্নামেন্ট, তাই স্ট্যান্ড-বাই রাখা হয়েছে পাঁচ ক্রিকেটারকে।