


সংবাদদাতা, নবদ্বীপ: বিহারের পাটনায় অনুষ্ঠিত ২০তম ন্যাশনাল ইউথ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ,’২৫-এ জ্যাভলিন থ্রো ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে নবদ্বীপের তনুশ্রী মহালদার। গত ১০-১২ মার্চ অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার পরিচালনায় বিহারের পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এখানে পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্য থেকে আসা অনূর্ধ্ব-১৮ গার্লস জ্যাভলিন থ্রো ইউথ ইভেন্টে ১২জন প্রতিযোগী অংশ নেয়। তার মধ্যে রাজ্যের হয়ে তৃতীয় স্থান অর্জন করে তনুশ্রী। আগামী দিনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা তার লক্ষ্য।
তনুশ্রীর বাড়ি নবদ্বীপের বাবলারি পঞ্চায়েতের নিতাইনগরে। তার বাবা পবিত্র মহালদার পেশায় তাঁত শ্রমিক। মা অনিতাদেবী গৃহবধূ। তনুশ্রী এবার নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এই প্রথম কোনও বড় প্রতিযোগিতায় পদক পেল সে। তনুশ্রী জানায়, ছোট থেকেই জিমন্যাস্টিক করতাম। কিন্তু তাতে তেমন ভালো কিছু করতে না পেরে পরবর্তীতে অ্যাথলেটিক্সে আসি। ২০২৩ থেকে নবদ্বীপ প্যাক কোম্পানির মাঠে আজাদ হিন্দ অ্যাথলেটিক্স কোচিং সেন্টারের প্রশিক্ষক তারক ভৌমিকের কাছেই প্রশিক্ষণ নেওয়া শুরু। ওঁর হাত ধরেই কৃষ্ণনগরের শ্যামল সেনের কাছে প্রশিক্ষণ নেওয়ার পর প্রথম রাজ্যস্তরে পদক পাই। তারপর থেকেই ধীরে ধীরে আমার এই সাফল্য। বর্তমানে আমি জলপাইগুড়ি স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া(সাই) ক্যাম্প থেকে প্রশিক্ষণ নিচ্ছি। মেয়ের সাফল্যে খুশি বাবা-মা। তাঁরা বলেন, ছোট থেকেই মেয়ের পড়াশোনা ও খেলাধুলার প্রতি ঝোঁক। আমরা চাই, দারিদ্র্যের মধ্যে থেকেও যাতে অ্যাথলেটিক্সে দেশের হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।
বৃহস্পতিবার নবদ্বীপ থানার পক্ষ থেকে তনুশ্রীকে সংবর্ধনা দেওয়া হয়। নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি বলেন, তনুশ্রীদের আর্থিক অবস্থা ভালো নয়। আমাদের কৃষ্ণনগর পুলিস জেলার সুপারের নির্দেশে সংবর্ধনা দিয়েছি। এদিন তার হাতে পুষ্পস্তবক ও একটি ট্রাকস্যুট তুলে দেওয়া হয়। সে যাতে ভালোভাবে ক্যাম্পে অনুশীলন করতে পারে, সেই জন্য ২০ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয়েছে।