


নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। এই ঘটনায় ভোরের আলো পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার।
নির্যাতিতার পরিবারের দাবি, বাংলার বাড়ি পেয়েছেন তাঁরা। সেকারণে পুরনো ঘর ভাঙা হয়েছে। রান্নাঘরে কিশোরী এবং তার দাদা ঘুমিয়েছিল। উঠোনে ত্রিপল টাঙিয়ে শুয়েছিলেন কিশোরীর বাবা ও মা।
শুক্রবার রাত দেড়টা নাগাদ অভিযুক্ত তাদের বাড়িতে ঢুকে কিশোরীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় অভিযুক্ত। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজনের ঘুম ভেঙে যায়। অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন তাঁরা। নাবালিকার মা লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার দুপুরে নাবালিকার বাড়িতে আসেন তদন্তকারীরা। তার বয়ান নেয়।