


সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রতিদিনের মতোই বিকেলে খেলতে গিয়েছিল ১১ বছরের কিশোর। কিন্তু আর বাড়ি ফেরা হলো না। কেটে যাওয়া ঘুড়ি ধরতে গিয়ে তীব্র গতিতে আসা বাইকের ধাক্কায় মৃত্যু হলো তার। ঘটনাটি ঘটেছে বাগনান থানার হিজলকের খাজুট্টি মোড় এলাকায়। আজ, শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, মৃত কিশোরের নাম সোহন জানা। সে পঞ্চম শ্রেণিতে পড়ত। এদিন বিকেলে বাড়ি থেকে খেলতে বেরোয় সোহন। কেটে যাওয়া ঘুড়ি ধরতে রাস্তা পার হওয়ার সময় ঘটে বিপত্তি। একটি বাইক তাকে ধাক্কা মারে। তার আর্তনাদ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। রক্তাক্ত কিশোরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাগনান গ্রামীণ হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
একের পর এক দুর্ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পর এলাকা থেকে চম্পট দেন ঘাতক মোটরসাইকেল চালক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।