


নয়াদিল্লি, ২৮ অক্টোবর: মদের দোকানের সামনে দীর্ঘ লাইন। পছন্দের ব্র্যান্ডের খোঁজে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরা কিংবা শেষ মুহূর্তে স্টক না থাকায় খালি হাতে ফিরে আসা। সুরাপ্রেমীদের কাছে এই ঘটনা নতুন কিছু নয়। তবে মদের দোকানে কানাকাটার এই চেনা অভিজ্ঞতা থেকে ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে এক নতুন উদ্যোগ নিল দিল্লি সরকার। এবার বাড়িতে বসেই পছন্দের মদের ব্র্যান্ড বেছে নেওয়া, স্টক যাচাই করা এবং অনলাইনেই টাকা পেমেন্ট করার মতো সুবিধা নিয়ে একটি মোবাইল অ্যাপ শুরু করল রাজধানী। তবে কেনাকাটার শেষ ধাপটি সারতে ক্রেতাকে যেতেই হবে দোকানে। কারণ, অনলাইনে বুকিং হলেও বাড়িতে মদ পৌঁছে দেওয়ার কোনও ব্যবস্থা নেই। ৪৮ ঘণ্টার মধ্যে দোকানে গিয়ে নিজেকেই নিয়ে আসতে হবে সেটি।
দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন চালু করেছে 'দিল্লি লিকার বুকিং' নামক একটি অ্যাপ। আপাতত দিল্লির মোট ২০৮টি মদের দোকানে এই পরিষেবা চালু হয়েছে। দোকানের বাইরে ভিড় কমানো, পেমেন্ট কাউন্টারের চাপ কমানো এবং দাম ও বিলিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনাই এই অ্যাপের লক্ষ্য বলে জানিয়েছে দিল্লির সরকার।
নতুন অ্যাপের মাধ্যমে ক্রেতারা প্রথমেই জানতে পারবেন, কোন দোকানে তাঁদের পছন্দের ব্র্যান্ডের মদ পাওয়া যাচ্ছে। এরপর নির্দিষ্ট দোকান বেছে নিয়ে পছন্দের ব্র্যান্ড, পরিমাণ নির্বাচন করে অনলাইনেই টাকা পেমেন্ট করতে পারবে সুরাপ্রেমীরা। বুকিং সম্পূর্ণ হলে অ্যাপের মাধ্যমে একটি কউআর কোড তৈরি হবে। সেই কোড নিয়ে নির্দিষ্ট দোকানে হাজির হতে হবে ক্রেতাকে। দোকানের কর্মীরা কউআর কোডটি স্ক্যান করে যাচাই করার পরই সংশ্লিষ্ট মদের বোতল হাতে তুলে দেবেন বিক্রেতা। অর্থাৎ, দোকানে যাওয়ার আগেই স্টক সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ফলে পছন্দের ব্র্যান্ডের খোঁজে একাধিক দোকানে ঘোরার ঝক্কি কিছুটা কমতে পারে। এই পরিষেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল, অনলাইনে টাকা দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে বুক করা মদ সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দোকানে গিয়ে বোতল না নিলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে, অনলাইনে বুকিং করা গেলেও বাড়িতে মদ পৌঁছে দেওয়া হবে না। ক্রেতাকে নিজের দায়িত্বেই নির্দিষ্ট দোকানে গিয়ে অর্ডার সংগ্রহ করতে হবে। দিল্লির আবগারি বিধি অনুযায়ী, এই অ্যাপ ব্যবহার করে মদ কেনার জন্য ক্রেতার বয়স অন্তত ২৫ বছর হতে হবে।