


অবশেষে বাণিজ্যিক ভাবে মুক্তি পেতে চলেছে রাজা ঘোষ পরিচালিত ‘ইন্ডিপেন্ডেন্ট’ ছবি ‘চাবিওয়ালা’। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, সোহাগ সেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়, কৌশিক কর প্রমুখ। ছবি মুক্তির খবরে উচ্ছ্বসিত শুভাশিস বলেন, ‘শুধু পরিচালক রাজা ঘোষ বা প্রযোজনা নিয়ন্ত্রক রাজকুমার ভুঁইয়ার স্বপ্ন পূরণ নয়, আমরা যারা ছবির সঙ্গে জড়িয়ে আছি বিভিন্নভাবে তাদের প্রত্যেকের পরিশ্রম সার্থক হতে চলেছে।’ শুভাশিস অভিনীত চরিত্রটির নাম অম্লান মুখোপাধ্যায়। সাহিত্যিক। জটিল ব্যক্তিত্ব। মনের বিভিন্ন প্রকোষ্ঠে বন্ধ দরজাগুলো খোলার জন্য সঠিক চাবির সন্ধান করছে অম্লান। এমন সময় চাবিওয়ালা ভবেনের সঙ্গে আলাপ। ভবেন কলকাতা শহরে এসেছে তার হারিয়ে যাওয়া ভালোবাসা ফাতিমাকে খুঁজতে। শুভাশিসের বিশ্লেষণ, ‘একজন সাহিত্যিকের মূল্যবোধ ও একজন চাবিওয়ালার মূল্যবোধে বিস্তর ফারাক। সেটাই স্বাভাবিক। অম্লান তার জটিল জীবনবোধের তালাটা ভবেনের সারল্যের চাবিকাঠি দিয়ে খুলে ফেলতে চায়।’
নায়িকা ফাতিমা চরিত্রের অভিনেত্রী অমৃতার কাছে সাফল্যের চাবিকাঠি হল ধৈর্য। আর সমস্যায় পড়লে প্রয়োজন মাথাটা ঠাণ্ডা রাখা। তাঁর কথায়, ‘আমরা ভাবি যদি এমন একটা চাবি থাকত, যেটা ঘোরালেই ঝটপট সমস্যার তালাটা খুলে ফেলা যেত। বাস্তবে তা হয় না। তখন ধৈর্য, বুদ্ধি, মেধার চাবি দিয়েই মনের মুক্তির উপায় খুঁজতে হয়।’ অভিনীত চরিত্র নিয়ে অমৃতার বিশ্লেষণ, ফাতিমা মোড়লের মেয়ে। ভালোবেসে ফেলে দরিদ্র, আপনভোলা চাবিওয়ালা ভবেনকে। ফাতিমা পারে না ভবেনকে তাদের পরিবারের উপযুক্ত করে তুলতে। শহুরে এক ছেলের সঙ্গে ফাতিমার বিয়ে হয়ে যায়। শহরে সংসার পাতে সে। কিন্তু নানা জটিলতায় ফতিমার বিবাহিত জীবন সুখের হয় না।
ইতিমধ্যেই বিভিন্ন ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে ফাতিমা চরিত্রে অমৃতার অভিনয়। গত বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক বিভাগে দেখানো হয়েছে এই ছবি। অমৃতার কথায়, ‘চাবিওয়ালা আমাদের সবার ছবি। এতদিন ছবিটাকে সময়ের হাতে সঁপে দিয়ে অপেক্ষা করে ছিলাম। এক্ষেত্রে সময়ই হল স্বপ্ন পূরণের আসল চাবিকাঠি।’
প্রিয়ব্রত দত্ত