


সমীর সাহা, নবদ্বীপ: থিমের জোয়ারে গা ভাসিয়েছে নবদ্বীপ। অভিনব ভাবনা ও সৃজনশীলতার মেলবন্ধনে পুজোমণ্ডপ সাজিয়ে দর্শক টানার প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন পুজো কমিটি। ষষ্ঠীতে বিভিন্ন মণ্ডপে যে জনপ্লাবন দেখা গিয়েছিল, তাকেও ছাপিয়ে গেল সপ্তমীর ভিড়। নবদ্বীপের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এদিন ঠাকুর দেখতে আসেন। নবদ্বীপের উল্লেখযোগ্য পুজোর মধ্যে রয়েছে মণিপুর দুর্গাপুজো কমিটি, ঘোষপাড়া পঞ্চদশপল্লি, দেয়ারাপাড়া কর্মমন্দির, প্রফুল্লনগর সর্বজনীন, আজাদ হিন্দ ক্লাব ও বড়ালঘাট স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসব। এছাড়া, পোড়ামাতলার প্রাচীন নবদ্বীপ সর্বজনীন, টাউন ক্লাব, যোগনাথতলা আনন্দময়ী মহিলা সর্বজনীন এবং অন্নপূর্ণা বারোয়ারিতলার যোগমায়া মহিলা সর্বজনীনের মণ্ডপেও ভালো ভিড় হয়েছে। প্রতি বছরই অভিনব থিমে পুজোর আয়োজন করে মণিপুর দুর্গাপুজো কমিটি। তাদের এবারের ভাবনা ‘কারুকল্প’। ভারতীয় শিল্প ও স্থাপত্যের বৈচিত্র্যকে তুলে ধরতে প্রায় চারহাজার বর্গফুট এলাকাজুড়ে ৪৫ফুট উঁচু মণ্ডপ তৈরি হয়েছে। মণ্ডপসজ্জায় রাজস্থানের প্রাসাদের ভিত্তিচিত্র, বিভিন্ন মন্দিরের স্তম্ভ ও অলংকরণের পাশাপাশি বাংলা, গুজরাত ও দক্ষিণ ভারতের শিল্পরীতির ছোঁয়া রয়েছে। মণ্ডপের ভিতরে কুলুঙ্গি, চাঁদোয়া ও আলপনায় সাজানো জায়গায় দেবীর সাবেকি প্রতিমা রয়েছে। ‘দেবী দুর্গা সম্মান ২০২৬’-এ সেরা মণ্ডপ বিভাগে জয়ী হয়েছে মণিপুর দুর্গাপুজো কমিটি। গৌরাঙ্গ সেতু লাগোয়া নবদ্বীপের ঘোষপাড়া পঞ্চদশপল্লির এবারের ভাবনা ‘কুঞ্জসভায় মায়ের বরণ’। বাংলার কুটিরশিল্পের ঐতিহ্য ও গ্রামবাংলার শিল্পকলা মণ্ডপে তুলে ধরা হয়েছে। বেত, বাঁশ, ঝুড়ি, থার্মোকল ও ফোমের মতো উপকরণ দিয়ে প্রায় ৭০ফুট উঁচু ও ৩০ফুট চওড়া মণ্ডপ তৈরি হয়েছে।
নবদ্বীপ কর্মমন্দির পরিচালিত দেয়ারাপাড়া সর্বজনীনের দুর্গাপুজো এবার ৮১ বছরে পা দিয়েছে। তাদের থিম ‘প্রজাপতির দেশ’। একসময় সবুজে ঘেরা পরিবেশে নানা প্রজাতির প্রজাপতি উড়ে বেড়াত। কিন্তু এখম নির্বিচারে গাছ কাটা ও পরিবেশ দূষণের কারণে সেই চেনা ছবি হারিয়ে যাচ্ছে। এটাই মণ্ডপসজ্জায় তুলে ধরছেন উদ্যোক্তারা। নবদ্বীপ যুব সংঘের পরিচালনায় পুরনো টোলগেট লাগোয়া প্রফুল্লনগর সর্বজনীনের দুর্গাপুজো এবার ৪৫তম বর্ষে পা দিয়েছে। এবারের থিম ‘অন্তরেই অষ্টভুজা’। আধুনিক সমাজে নারীদের প্রতি বঞ্চনা ও অত্যাচারের বিভিন্ন দিক হাতে আঁকা ছবির মাধ্যমে মণ্ডপজুড়ে তুলে ধরা হয়েছে। সেইসঙ্গে প্রতিবাদের বার্তা রয়েছে। বড়ালঘাট স্পোর্টিং ক্লাবের পুজো এবার ৫৯বছরে পা দিয়েছে। কাল্পনিক জমিদারবাড়ির আদলে মণ্ডপ, প্রতিমায় সাবেকিয়ানার ছোঁয়া থাকছে। নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাবের পুজো এবার ৫১বছরে পা দিল। কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ হয়েছে। সপ্তমীতে থিমপুজো দেখতে নবদ্বীপের রাস্তায় বাঁধভাঙা ভিড় দেখা যায়।