


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রাজ্যের ৪০ হাজার গ্রামে ৪০ লক্ষ গাছ বসানোর কর্মসূচি নিয়েছে পঞ্চায়েত দপ্তর। এ ব্যাপারে বনদপ্তরের সঙ্গে পঞ্চায়েত দপ্তরের চুক্তি হয়েছে। ১২৫ দিনের কাজের শ্রমিকরা গাছ বসানোর কাজে যুক্ত থাকবেন। এজন্য তাঁরা অর্থও পাবেন। তবে বেআইনিভাবে গাছ কাটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কোনো জায়গা থেকে বৃক্ষছেদনের অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বারাকপুরের সূর্যপুরে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মুক ও বধির স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিতে একথা বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
বৃক্ষরোপণ ছাড়াও হাতির পাল আটকানোর জন্য একটি বড় নালা তৈরির পরিকল্পনার কথা জানান পঞ্চায়েত মন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই হাতি চলে আসছে। তা আটকানোর জন্য গাছ বসানো এবং নালা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, বৈধ কাগজপত্র না থাকলে রেস্তরাঁ, হোটেল বন্ধ করে দেওয়া হবে। যেভাবে রাজ্যের সর্বত্র রেস্তরাঁগুলিতে অভিযান চলছে, তা চলবে।