


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুদ্ধদেব ভট্টাচার্য সংস্কৃতি ও গবেষণা কেন্দ্রতেই বক্তব্য রাখবেন অভিনেতা প্রকাশ রাজ ও প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা। মঙ্গলবার যোগ্য নাগরিকদের সাংবিধানিক অধিকার, বিশ্বাসযোগ্য ভোটার তালিকার দাবিতে নাগরিক কনভেনশনের জন্য বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে উদ্যোক্তাদের, শনিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, জহর সরকাররা। এমনকি সাংবাদিক সম্মেলনের জন্যও জায়গা পেতে বেগ পেতে হয়েছে তাঁদের।
এজেসি বোস রোডের উপর বুদ্ধদেব ভট্টাচার্য সংস্কৃতি ও গবেষণা কেন্দ্রটির নির্মাণ কাজ এখনও শুরু হয়নি। ফলত, খোলা আকাশের নীচেই এই কনভেনশন হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রথমে এই কনভেনশন কলা মন্দিরে হওয়ার কথা ছিল। এমনকি এদিন সাংবাদিক সম্মেলনও অ্যাকাডেমি অব ফাইন আর্টসে হওয়ার কথা ছিল বলে দাবি উদ্যোক্তাদের। এদিন হল বুকিংয়ের নথি হাতে সাংবাদিকদের সামনে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘কলা মন্দির অজুহাত দিয়েছে তাদের কারিগরি সমস্যার। অ্যাকাডেমিও সাংবাদিক সম্মেলন বাতিল করেছে। সামগ্রিকভাবে অঘোষিত ইমার্জেন্সি চলছে। আমরা বাধ্য হলাম এরকম জায়গায় সাংবাদিক সম্মেলন করতে। কলা মন্দির ও অ্যাকাডেমি আমাদের লিখিত জানিয়েছে বাতিলের বিষয়।’ নথি পাঠ করে বিকাশবাবু বলেন, ‘অ্যাকাডেমি কারণ হিসাবে লিখেছে, রাজ্য-কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই সাংবাদিক সম্মেলন।’এদিনের সাংবাদিক সম্মেলনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, জহর সরকার ছাড়াও উপস্থিত ছিলেন পবিত্র সরকার ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অশোকনাথ বসু।