


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক স্ট্রিটের পথবাসী সীতা ও তাঁর পরিবারের আশ্রয়ের ব্যবস্থা করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সংবাদ মাধ্যমে সজল ঘোষ জানিয়েছেন, সীতারা ভাল আছেন। গৃহহীনদের জন্য পুরসভার তৈরি আশ্রয়স্থলে ওঁদের নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাঁরা সেখানে থাকতে চাননি। তারপর আমাদের দলের দক্ষিণ কলকাতার সংখ্যালঘু সেলের এক নেতার বাড়িতে ওঁদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। সীতার বড় মেয়ে পুজা আপাতত গৃহহীনদের জন্য তৈরি বেলেঘাটার লতাফত হোসেন লেনে কলকাতা পুরসভা শেল্টার ‘আশ্রয়’-এ আছেন।
পুরসভা সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুর প্রশাসক স্মিতা পাণ্ডে, সীতা ও তাঁর পরিবারের থাকার ব্যবস্থা করার উদ্যোগ নেন। সোমবার রাতে পার্ক স্ট্রিটে গেলে তাঁদের খোঁজ পাওয়া যায়নি। পরে মঙ্গলবার পার্ক স্ট্রিট থানার পুলিশের সঙ্গে পুরকর্তারা রিপন স্ট্রিটে একটি হোটেলে যান। সেখানে সীতার বড় মেয়ে পুজা বিশ্বাস ছিলেন পুলিশি প্রহরায়। তাঁকে বেলেঘাটার ‘আশ্রয়’ শেল্টারে নিয়ে আসা হয়। কিন্তু তখনও পুজার মা সীতা এবং বোন ও বোনের দুই বাচ্চাকে পাওয়া যায়নি। পুরসভার আধিকারিকরা জানাচ্ছেন, রাতের দিকে ‘আশ্রয়’ শেল্টারে নিয়ে আসা হলে সীতারা গাড়ি থেকেই নামতে চাননি। তাঁকে বলা হয়েছিল, আপনার বড়ো মেয়ে এখানেই রয়েছেন। তাও তিনি কথা শোনেননি। গাড়িতেই বসেছিলেন। তারপর রাজা রামমোহন সরনীতে একটি শেল্টারেও নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সেখানেও থাকতে চাননি সীতা। পরে বিধায়ক সজল ঘোষ ব্যবস্থা করেছেন।