


নয়াদিল্লি: ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর। এবার থেকে আর প্রতিদিন ইনসুলিন নিতে হবে না। সপ্তাহে একদিন নিলেই চলবে। সৌজন্যে ড্যানিশ ওষুধ প্রস্তুতকারক নোভো নরডিস্কের ‘আউইকলি’ বা ‘ইনসুলিন আইকোডেক’। এটি টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের জন্য বিশ্বের প্রথম ‘বেসাল ইনসুলিন’। গত বুধবার সংস্থার তরফে ভারতে এই বিশেষ ধরনের ইনসুলিন আনা হয়। এর ফলে বছরে ৩৬৫টির তুলনায় মাত্র ৫২টি ইনসুলিন ইনজেকশন নিলেই চলবে। কমবে খরচও। জানা গিয়েছে, ৭০০ ইউনিট আউইকলি প্যাকের খরচ ২ হাজার ৬১১ টাকা। অর্থাৎ, ইউনিট পিছু দাম মাত্র ৩ টাকা ৭৩ পয়সা। যা বর্তমান বাজারে থাকা দৈনন্দিন ইনসুলিন ইনজেকশনের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ কম। ইনসুলিন এমন একটি হরমোন যা রক্তপ্রবাহ থেকে গ্লুকোজকে কোষের ভিতরে ঢুকতে সাহায্য করে। এর ফলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। টাইপ ১ বা টাইপ ২ ডায়াবেটিস আক্রান্তদের নিয়মিত ইনসুলিন নিতে হয়। কখনও দিনে একবার, আবার কোনো কোনো ক্ষেত্রে একাধিকবার ইনজেকশন নিতে হয়। এই পরিস্থিতিতে সাপ্তাহিক ইনসুলিন বাজারে আসায় উপকৃত হবেন সাধারণ মানুষ।