


নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: কোয়ালিশন সরকারে ছোট ছোট দলগুলি যেমন বাড়তি গুরুত্ব পায়, টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের অবস্থাও সেরকমই। টুর্নামেন্ট শুরুর আগে সিকান্দর রাজাদের কেউ ধর্তব্যের মধ্যেই রাখেননি। বিশ্বকাপের সুবাদে স্রেফ ভারত-শ্রীলঙ্কা ভ্রমণ করেই তারা দেশে ফিরবে— জিম্বাবোয়ে সম্পর্কে ধারণা ছিল এরকমই। কিন্তু গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার এইটে পৌঁছেছে আফ্রিকান দেশটি। অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকেও হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে তারা। রাতারাতি ‘ডাক হর্স’ হয়ে উঠেছিল জিম্বাবোয়ে। কিন্তু গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হারায় তাদের সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা খুবই কম। তবুও ভারতের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই মেলে ধরতে তৈরি ফ্লাওয়ার ব্রাদার্সদের উত্তরসূরিরা।
ভারতকে হারানোর জন্য যে বিশেষ কৌশল রয়েছে, তার ইঙ্গিত সাংবাদিক সম্মেলনে দিলেন অলরাউন্ডার রায়ান বার্ল। বললেন, ‘ঘরের মাঠে ভারতকে হারানো কঠিন। তবে আমাদের মনে হচ্ছে, এই ম্যাচে চাপটা ওদের উপরই বেশি থাকবে। আর সেই সুযোগটা আমরা কাজে লাগাতে চাইছি। গত ম্যাচের হতাশা ভুলে বৃহস্পতিবার সেরাটা উজাড় করে দেব।’ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে হালকা চোট পেয়েছিলেন সিকান্দর রাজা। তিনি কি খেলবেন ভারতের বিরুদ্ধে? রাখঢাক না করেই রায়ান জানিয়ে দেন, ‘একশো দশ শতাংশ খেলবে। রাজা তো আমাদের দলের সেরা অস্ত্র।’ অফ স্পিনের বিরুদ্ধে ভারতীয় ওপেনারদের দুর্বলতা স্পষ্ট। সেক্ষেত্রে রাজাকে দিয়ে বোলিং শুরু করাতে পারে জিম্বাবোয়ে। তবে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের ধাক্কা সামলে ওঠাও জরুরি। এই প্রসঙ্গে রায়ান জানান, ‘হার থেকে আমরা অনেক কিছু শিখেছি। চিপকের মাঠ তুলনায় বড়। শিশির পড়ছে। ভারতের দুর্বলতা আমাদের জানা। সেই মতোই পরিকল্পনা সাজানো হচ্ছে।’