


মুম্বই, ২০ ফেব্রুয়ারি: নিস্তার নেই রণবীরের সিংয়ের। কিছুদিন আগেই বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি হুমকিমূলক ভয়েস মেসেজ করে হুঁশিয়ারি দিয়েছিল তাঁকে। সঙ্গে তাঁর ম্যানেজার ও কর্মীদের ক্ষতি করারও হুমকি দেওয়া হয়েছিল। ফের ঘটনার পুনরাবৃত্তি। এইবার বিষ্ণোই গ্যাংয়ের তরফে অভিনেতার কাছে চাওয়া হল ১০ কোটি টাকা। আর সঙ্গে ফের হুমকি বার্তা। তার জেরেই বাড়ানো হল অভিনেতার নিরাপত্তা।
সূত্র থেকে জানাগিয়েছে, আমেরিকার একটি নম্বর থেকে রণবীরের কাছে ভয়েস নোট পাঠানো হয়। তাতে ১০ কোটি টাকা না দিলে তাঁর ভয়াবহ পরিণতি হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আমেরিকার আইনরক্ষাকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে মুম্বই পুলিশ। বারবার তাঁর কাছে এই ধরণের হুমকিমূলক ভয়েস নোট পাঠানোর ঘটনায় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ঘটনার নেপথ্যে কারা এবং এই ভয়েস নোটটি আদৌ বিদেশ থেকে পাঠানো হয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এর আগে রণবীরকে পাঠানো এক ভয়েস মেসেজে পরিচালক রোহিত শেট্টি-র নামও উল্লেখ করেছিল এই গ্যাং। সেই বার্তায় বলা হয়, “রণবীর সিং, তুমি উপদেশ দিতে খুব ভালোবাসো। এ বার আমার কথা শোনো। তোমার অধীনে যারা কাজ করে ম্যানেজার, স্টাফ তাদের সব তথ্য আমাদের কাছে আছে। আমরা যখনই ওদের আঘাত করা শুরু করব। তখনই তোমার হুঁশ ফিরবে।”