


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইপিএফও কার্যালয়গুলিতে এবার ‘এক জানালা’ নীতি কার্যকরের পথে হাঁটছে কেন্দ্র সরকার। এর ফলে নির্দিষ্ট কোনও আঞ্চলিক কার্যালয় থেকেই সংশ্লিষ্ট ইপিএফ গ্রাহকের আর পরিষেবা গ্রহণের প্রয়োজন থাকবে না। দেশের যেকোনও প্রান্তেই কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) আঞ্চলিক কার্যালয় থেকে এই সুবিধে পাবেন তিনি। ফলে ইপিএফ গ্রাহকদের এই ভোগান্তি কমবে। নতুন বছরের আগেই এহেন ঘোষণা করেছে শ্রমমন্ত্রক। সাধারণত একজন কর্মী পিএফ (ইপিএফ) গ্রাহকের যে আঞ্চলিক কার্যালয়ে পিএফ অ্যাকাউন্ট থাকে, তিনি সেই রিজিওনাল অফিস থেকেই এই সংক্রান্ত পরিষেবা গ্রহণ করতে পারেন। নয়া ব্যবস্থায় আর এই সংক্রান্ত জটিলতা থাকছে না। পাশাপাশি শ্রমমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীদিনে যত ইপিএফও অফিস তৈরি হবে, সেগুলির প্রতিটিই আরও বেশি প্রযুক্তি-বান্ধব হবে। বর্তমানে যেসব আঞ্চলিক এবং ফিল্ড অফিস রয়েছে, সেগুলিতেও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হবে। যদিও নতুন বছর থেকে ইপিএফওর এটিএম এবং ইউপিআই পরিষেবা শুরু হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকছেই। এই ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।