


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেরিতে হলেও বোধোদয়! আইএসএল ইস্যুতে অবশেষে মিলল জট কাটার ইঙ্গিত। ভারতীয় ফুটবলে অচলাবস্থা কাটাতে দেশের সর্বোচ্চ আদালতের দিকে অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন ফুটবলপ্রেমীরা। শুক্রবার সুপ্রিম কোর্টে ফেডারেশন, ক্লাবজোটের আইনজীবী ছাড়াও হাজির ছিলেন সরকারপক্ষের প্রতিনিধি। সরকারের পক্ষ থেকে সলিসিটার জেনারেল তুষার মেহতা স্পষ্টই জানান, যাবতীয় সমস্যা সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল। আইএসএল হবে। পাশাপাশি ফুটবলারদের স্বার্থরক্ষার দিকটাও খতিয়ে দেখা প্রয়োজন। অর্থাৎ, যাবতীয় অনিশ্চয়তা দূর করতে এখন সরকারই ভরসা ফেডারেশনের। সূত্রের খবর, ফেডারেশন ও ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর আদালতে দ্রুত রিপোর্ট জমা দেবেন সরকারের প্রতিনিধি। দ্রুত মিটিং চেয়ে ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল সংস্থাকে অনুরোধ জানালো ক্লাবজোট। উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর ফেডারেশন ও এফএসডিএলের চুক্তি শেষ হচ্ছে। তার আগেই সুপ্রিম আদালতে রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা চলছে।
ফুটবল মরশুম ইতিমধ্যেই মাঝপথে। বিভিন্ন দেশে রমরমিয়ে লিগ চললেও ভারতে কার্যত থমকে ফুটবল। দরপত্র আহ্বান করেও কমার্শিয়াল পার্টনার জোগাড় করতে ব্যর্থ ফেডারেশন। দরপত্রের শর্ত অনুযায়ী সর্বভারতীয় ফুটবল সংস্থাকে বার্ষিক ৩৭.৫ কোটি টাকা দিতে রাজি নন কেউই। অবনমন চালুর ক্ষেত্রেও সমস্যা রয়েছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার পর প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাও একটি রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছিলেন। তাঁর পর্যবেক্ষণও গুরুত্ব সহকারে বিবেচনা করার কথা বলা হয়েছে। অভিজ্ঞ মহলের ধারণা, ফেডারেশনের কঙ্কালসার চেহারা এদিনের পর আরও প্রকট হল। ফুটবল চালাতে শেষপর্যন্ত সরকারই ভরসা।