


নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ছত্তিশগড়ে ফুলের কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় পিংলার তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। শোকের ছায়া নামল গোটা এলাকায়। জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম মনোরঞ্জন সিং (২৫), প্রসেনজিৎ ধারা (২২) ও পঙ্কজ সিং (২৭)। তাঁদের বাড়ি পিংলা থানার বাড়পুরী এলাকায়। গ্রামবাসীরা জানাচ্ছেন, বুধবার তিন পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আসতেই গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়েন। পথ দুর্ঘটনায় এই গ্রামেরই এক যুবক শুভাশিস চক্রবর্তী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন, খুবই দুঃখজনক ঘটনা। পরিবারের পাশে আছি। পুলিশ ও প্রশাসন সহযোগিতা করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিংলা ব্লকের বহু মানুষ ফুলের কাজে যুক্ত। পুজোর মরশুমে বাড়তি আয়ের আশায় তাঁরা এ রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও ভিনরাজ্যেও ফুলের কাজ করতে যান। জানা গিয়েছে, প্রায় ২৫ দিন আগে বাড়পুরী গ্রামের কয়েকজন যুবক ছত্তিশগড়ে ফুলের কাজ করতে যান। দিনরাত জেগে তাঁরা ফুলের কাজ করছিলেন। ২৪ নভেম্বর রাতে ছত্তিশগড় রাজ্যের রাইপুর এলাকায় ফুলের কাজ করতে যান বেশ কয়েকজন যুবক। গভীর রাতে কাজ শেষে তাঁরা একটি পিকআপ ভ্যানে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় দ্রুতগতিতে আসছিল একটি লরি। রাতের অন্ধকারে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পিকআপ ভ্যানে ধাক্কা মারে। রাস্তার ধারে ছিটকে পড়েন যুবকরা। ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় আরও কয়েকজন যুবক জখম হয়েছেন। জানা গিয়েছে, জখম হওয়া যুবকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতেও দেরি হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে ছত্তিশগড় পুলিশ। একইসঙ্গে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।
স্থানীয় বাসিন্দা মহম্মদ জাকির হোসেন বলেন, এই দুর্ঘটনায় এক যুবকের অবস্থা খুবই সঙ্কটজনক। হঠাৎই দুর্ঘটনা ঘটে যায় বলে শুনেছি। গোটা গ্রাম নিস্তব্ধ হয়ে গিয়েছে। মানুষের জীবনের কোনও দাম নেই। মৃতদের পরিবারের সদস্যরা কথা বলার পরিস্থিতিতে নেই।