


সংবাদদাতা, রামপুরহাট: যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। ‘বর্তমান’এ প্রকাশিত খবরের জেরে নড়েচড়ে বসল রেল কর্তৃপক্ষ। অবশেষে রামপুরহাট জংশন থেকে ডাউন ১২০৪২ নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসের অগ্রিম টিকিট বুকিং পুনরায় চালু করা হল। সেইসঙ্গে স্টপেজ উঠে যাওয়ার আশঙ্কা কাটল।
গত ২৬জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে রামপুরহাট জংশনে দূরপাল্লার এই প্রিমিয়াম ট্রেনের আপ ও ডাউন উভয় লাইনেই স্টপেজ চালু করা হয়েছিল। এই সিদ্ধান্তের ফলে তারাপীঠের পুণ্যার্থী, স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে উত্তরবঙ্গ ও কলকাতাগামী যাত্রীদের সুবিধা হচ্ছিল। রামপুরহাট থেকে যাত্রীও ভাল হচ্ছিল। তবে বিপত্তি ঘটে জুলাইয়ের শুরু থেকে। হঠাৎ করেই আগস্ট মাস থেকে আইআরসিটিসির ওয়েবসাইট ও কাউন্টারে ডাউনের ট্রেনের অগ্রিম টিকিট বুকিং বন্ধ হয়ে যায়। ফলে তারাপীঠ দর্শনে আসা পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দারা চরম বিপাকে পড়েন। রামপুরহাটের মতো গুরুত্বপূর্ণ স্টপেজটি তুলে নেওয়া হচ্ছে কি না তা নিয়ে বীরভূম জেলাজুড়ে বিভ্রান্তি ছড়ায়। ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। বিষয়টি নিয়ে রেলমন্ত্রীর দ্বারস্থ হন বোলপুরের সাংসদ অসিত মাল।
রেল সূত্রের দাবি ছিল, প্রাথমিকভাবে ছ’মাসের ট্রায়াল পর্ব জুলাই শেষে পূর্ণ হওয়ায় পরবর্তী অনুমোদনের অপেক্ষায় সিস্টেমে বুকিং সাময়িকভাবে ব্লক ছিল। কিন্তু আপ লাইনের টিকিট বুকিং চালু রেখে শুধু ডাউনে বুকিং বন্ধ রাখার এই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেননি যাত্রীরা। যাত্রীদের হয়রানি ও সংশয়ের কথা ‘বর্তমান-এ প্রকাশিত হয়। খবরটি নজরে আসতেই দ্রুত পদক্ষেপ নেন রেলের উচ্চপদস্থ কর্তারা। প্রায় ২০দিন বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার থেকে অগাস্ট মাসের ডাউন শতাব্দী এক্সপ্রেসের অগ্রিম টিকিট বুকিং পুনরায় চালু করা হয়। রেলের এই পদক্ষেপে স্বস্তি পেয়েছেন সাধারণ যাত্রী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। রামপুরহাটের আইআরসিটিসির এজেন্ট অনিল বোথরা জানান, আগস্টের টিকিট না পেয়ে প্রতিদিন বহু মানুষ নিরাশ হয়ে ফিরে যাচ্ছিলেন। খবরটি প্রকাশিত হওয়ায় রেলের উচ্চপদস্থ কর্তাদের নজরে পড়ে। টিকিট বুকিং চালু হওয়ায় যাত্রীদের বড় সমস্যা মিটল। যদিও রেলের এক আধিকারিক বলেন, ছ’মাস পর একই সমস্যার সম্মুখীন হতে পারেন যাত্রীরা। কারণ, রেলবোর্ডের পক্ষ থেকে রামপুরহাট জংশনে ট্রেনটির স্থায়ী স্টপেজের বিষয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। বলা চলে, আরও ছ’মাসের জন্য ট্রায়াল পর্ব চলবে।