


সংবাদদাতা, বারুইপুর: মথুরাপুর ১ নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতে বুধবার বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত প্রধান হিসেবে শপথ নিলেন দীপালি পাইক। অনুষ্ঠানে ছিলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, বিধায়ক জয়দেব হালদার, মথুরাপুর ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মানবেন্দ্র হালদার।
শুরুতে সিপিএম, বিজেপি, কংগ্রেস ও নির্দল সদস্য মিলে গঠিত হয়েছিল পঞ্চায়েত। বিরোধী বোর্ড গঠনের পর উন্নয়নের ছিটেফোঁটাও এলাকায় চোখে পড়েনি বলে অভিযোগ ছিল বাসিন্দাদের। সম্প্রতি ১৯টি আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে বিরোধী চার জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। এর ফলে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২। অন্যদিকে, বিরোধী কংগ্রেস, বিজেপি, নির্দল মিলিয়ে আসন কমে দাঁড়ায় সাত। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বুধবার আনুষ্ঠানিকভাবে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস।
এই প্রসঙ্গে সাংসদ বাপি হালদার বলেন, জনগণ উন্নয়ন চায়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। যাঁরা তৃণমূলে এসেছেন, তাঁরা উন্নয়নের স্বার্থেই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে উত্তর লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলের মানুষের প্রাপ্য অধিকার এবং পরিষেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। তৃণমূলের বোর্ড গঠনের পরে এলাকায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয়দের আশা, এবার এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধান হবে। - নিজস্ব চিত্র