


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাভাষীদের উপর আক্রমণ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বলার অপরাধে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ। তার প্রতিবাদে ভাষা আন্দোলন শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশমতো প্রতি শনি ও রবিবার কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে ধর্না কর্মসূচি শুরু হয়েছে। রবিবার তৃণমূলের জয়হিন্দ বাহিনীর কর্মসূচি থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল নেতৃত্ব।
মন্ত্রী অরূপ বিশ্বাস স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ২০২৬ সালের বিধানসভা ভোটে ‘আরও বড় খেলা হবে’। বাংলার বিরুদ্ধে যে অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা বিজেপি শুরু করেছে, খেলা হবে তারই বিরুদ্ধে। অরূপের সংযোজন, বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার। বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। আর এখন বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে। বাংলা ভাষাকে অপমান করছেন বিজেপি নেতারা। এর জবাব ২০২৬ সালের বিধানসভা ভোটে বিজেপিকে দেবেন বাংলার মানুষ।
এই প্রতিবাদ মঞ্চ থেকেই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলার কী অবদান ছিল তা জানেন না বিজেপি নেতারা। ওঁরা দেশের ইতিহাস পড়েননি। এখন বাংলার বিরুদ্ধে যে ষড়যন্ত্র বিজেপি শুরু করেছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গর্জে উঠতে হবে।
তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের মাতৃভাষা বাংলার উপর বিজেপি যে আক্রমণ শুরু করেছে, তার বিরুদ্ধে লড়াই আগামী দিনে দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। বাংলা মাকে অপমান আমরা কোনও অবস্থাতেই বরদাস্ত করব না। বাংলা মায়ের সম্মান রক্ষার্থে রাজ্যের সকল মানুষকে নিয়ে বিজেপির বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। এদিন তৃণমূল নেতা অতীন ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার এবং অন্য নেতারাও বিজেপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সরব হন। এসআইআর-এর নাম করে রাজ্যের কোনও মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হলে তার বিরুদ্ধেও জোরালো প্রতিবাদ হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যবাসীর কাছে তৃণমূল নেতৃত্বের আবেদন, বাংলার বিরুদ্ধে বিজেপির যে চক্রান্ত চলছে, তা রুখে দিতেই হবে।