


বার্সেলোনা: ‘আমরা খুব খারাপ খেলেছি।’— সেন্ট জেমস পার্কে শেষ ষোলোর প্রথম লেগে ড্রয়ের পর এমনটাই মন্তব্য ছিল হ্যান্স ফ্লিকের। তিনি ভুল কিছু বলেননি। ম্যাচের শেষলগ্নে পড়ে পাওয়া চোদ্দ আনা পেনাল্টি গোলেই নিউকাসল ইউনাইটেডের বিরুদ্ধে হার বাঁচিয়েছিল বার্সেলোনা (১-১)। তাই বুধবার ক্যাম্প ন্যু’তে দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে বেশ সতর্ক কাতালন-ব্রিগেড। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে নিউকাসল আগে কখনও শেষ ষোলোর গণ্ডি টপকায়নি। তাই বার্সার পাড়ায় ইতিহাস গড়তে জান লড়িয়ে দেবে এডি হাউয়ের দল।
পরিসংখ্যান বলছে, শেষ ষোলোয় ইংলিশ প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ পাঁচবারই জিতেছে বার্সেলোনা। তবে চোট-আঘাতে বার্সেলোনা এখন মিনি হাসপাতাল। জুলিয়াস কৌন্দে, ফ্র্যাঙ্কি ডে জং ও আলেজান্দ্রো বালদের মতো ফুটবলার চোটের কারণে ছিটকে গিয়েছেন। বিশেষ করে ডে জংয়ের না থাকায় মাঝমাঠে খেলা কন্ট্রোল হচ্ছে না। ঘরের মাঠে এই দুর্বলতা নিশ্চিতভাবে ঢাকতে চাইবেন বার্সা কোচ। তবে মাঝমাঠে ভরসা জোগাচ্ছেন দুরন্ত ফর্মে থাকা পেড্রি। চোট সারিয়ে শিবিরে যোগ দিয়েছেন গাবিও। পক্ষান্তরে, নিউকাসলের সাম্প্রতিক ফর্মও বেশ ভালো। ইতিহাস গড়ার তাগিদে স্প্যানিশ জায়ান্টকে বেগ দিতে তৈরি ওসুলা, জোয়েলিংটনরা। তবে ক্যাম্প ন্যু’তে বার্সাকে হারানো কঠিন।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর অপর ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে গালাতাসারের বিরুদ্ধে নামছে লিভারপুল। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ০-১ ব্যবধানে হেরেছিল আর্নে স্লটের দল। বুধবার প্রত্যাবর্তনের আশায় মহম্মদ সালাহরা। অন্য ম্যাচে অ্যালিয়াঞ্জ এরিনায় আটালান্টার বিরুদ্ধে নামছে বার্য়ান মিউনিখ। প্রথম লেগ ৬-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডে এক পা বাড়িয়েই রেখেছেন হ্যারি কেনরা। এছাড়া প্রথম লেগে ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদও ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল টটেনহ্যামকে। বুধবার লন্ডনে দ্বিতীয় লেগে নামছে ডিয়েগো সিমোনে-ব্রিগেড।