


নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দুর্গম গিরিপথ দিয়ে অবশেষে ফেরানো হল লাচেনে আটকে থাকা পর্যটকদের। রাস্তা থেকে পুরু বরফের আস্তরণ সরিয়ে বুধবার সকাল থেকে পর্যটকদের ১৭ হাজার ফুট উঁচু ডংকিয়া লা পাস দিয়ে জিরো পয়েন্ট, ইয়ামথাং, লাচুং হয়ে গ্যাংটকে ফেরানোর কাজ শুরু হয়। সিকিম প্রশাসন সূত্রে খবর, গত রবিবার থেকে আটকে থাকা প্রায় সব পর্যটককেই নিরাপদে ফেরানো সম্ভব হয়েছে।
এদিকে, স্থানীয়দের সহযোগিতায় ধসে বিচ্ছিন্ন লাচেনে যোগাযোগরক্ষায় তারাম চু এলাকায় তৈরি করা হয়েছে অস্থায়ী ফুটব্রিজ। তবে ধস কবলিত রাস্তার পুনর্গঠনের কাজে অনেকটাই সময় লাগবে বলে জানানো হয়েছে মঙ্গন জেলা প্রশাসনের তরফে। আবহাওয়া কিছুটা ভালো থাকায় এদিন সকালে সেনাবাহিনী ও সিকিম পুলিশ প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে ধাপে ধাপে পর্যটকদের ফেরানোর কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন, পুলিশ সুপার এলবি ছেত্রী। সিকিমের সমাজকল্যাণ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সান্ডুপ লেপচা এদিন ধস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন। ঝুঁকি নিয়ে যেভাবে দ্রুততার সঙ্গে অস্থায়ী ফুটব্রিজ তৈরিতে স্থানীয়রা ঝাঁপিয়ে পড়েন, তারও প্রশংসা করেন মন্ত্রী।