


নয়াদিল্লি, ৬ নভেম্বর: হাতে আর মাত্র একদিন রয়েছে। আগামী রবিবারই দীপাবলি। তার আগেই বড় ধাক্কা রাজধানী দিল্লির আকাশে। দিল্লি এনসিআর সংলগ্ন এলাকায় বাতাসে দূষণের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। এই কারণেই দিল্লি ও এনসিআর সংলগ্ন এলাকায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা গ্র্যাপ ৩ জারি করল কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট বা সিএকিউএম। কারণ দীপাবলিতে আরও বেশি বায়ু দূষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হল।
দিল্লি-সহ এনসিআরের দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এই গ্র্যাপ ব্যবস্থা চালু করা হয়েছে। দূষণের মাত্রা দেখে ধাপে ধাপে বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়। দূষণ বাড়তে থাকলে তখন ধীরে ধীরে কঠোর বিধিনিষেধ কার্যকর করা হয়। এই গ্র্যাপ ৩ নম্বর ধাপ চালু হওয়ায় নতুন কিছু বিধিনিষেধ লাগু হবে দিল্লি ও এনসিআর সংলগ্ন এলাকায়।
• বেশিরভাগ নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র জনসাধারণের জন্য প্রয়োজনীয় এবং জরুরি পরিকাঠামোগুলোকে ছাড় দেওয়া হয়েছে। এই কাজের ফলে প্রচুর ধুলো বাতাসে মেশে। দূষণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় বন্ধ থাকবে।
• পাথর ভাঙা ও বিভিন্ন খনির কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের কাজের জন্যও বাতাসে বিপুল পরিমাণ ধুলো মেশে।
• এছাড়াও গাড়ি চলাচল, কলকারখানার কাজ সংক্রান্ত আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।
এর পাশাপাশি দীপাবলির সময় বাজি পোড়ানো এবং অন্যান্য কারণে দূষণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। ফলে দিল্লি এনসিআরের বাতাসে দূষণের পরিমাণ যাতে নিয়ন্ত্রণে থাকে সেই আশঙ্কায় আগেভাগেই কড়া পদক্ষেপ নিল সিএকিউএম। উল্লেখ্য, কিছুদিন আগেই এই আবহাওয়াজনিত সমস্যার কারণে ভারত-শ্রীলঙ্কার প্রথম ওডিআইয়ের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। দিল্লির পরিবর্তে খেলা হবে বিশাখাপত্তনামে।