


বেঙ্গালুরু: কর্ণাটকে মাটি খুঁড়ে হদিশ প্রাচীন সভ্যতার নিদর্শন। সম্প্রতি রায়চুর জেলার মাসকি শহরে খননকাজ চালান প্রত্নতত্ত্ববিদরা। তাতেই উঠে আসে রান্নার বাসন, মাটির পাত্র সহ বেশ কিছু সামগ্রী। অনুমান, এসবই প্রায় ৪০০০ বছর পুরনো। তখন এই অঞ্চলে গড়ে উঠেছিল জনবসতি। উদ্ধার হওয়া এইসব সামগ্রী ব্যবহার করতেন সেখানকার বাসিন্দারা। কর্ণাটকের যে অঞ্চলে এই প্রাচীন সামগ্রী উদ্ধার হয়েছে তার কাছেই রয়েছে মল্লিকার্জুন পাহাড় ও আঞ্জনেয় স্বামী মন্দির। জায়গাটি আগে থেকেই প্রত্নতাত্ত্বিকদের কাছে পরিচিত। কারণ এর আগে এই অঞ্চল থেকেই আবিষ্কার হয়েছিল সম্রাট অশোকের আমলের মুদ্রা। এবার আবিষ্কার হল অন্য এক প্রাচীন সভ্যতার নিদর্শন। প্রত্নতাত্ত্বিকদের দলে ছিলেন ভারতের ২০ জনেরও বেশি গবেষক। এছাড়া আমেরিকা ও কানাডার কয়েকজন প্রত্নতত্ত্ববিদও ছিলেন। খননকাজে নেতৃত্ব দেন স্টানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর অ্যানড্রিউ। খ্রিষ্টপূর্ব ১১ থেকে ১৪ শতকে এই অঞ্চলে মানুষের বসবাস ছিল বলেই মনে করছেন প্রত্নতাত্বিকরা। একইসঙ্গে তাদের দাবি, এই অঞ্চলে সম্ভবত কোনও শহর ছিল। সেই ইঙ্গিত মিলেছে উদ্ধার হওয়া সামগ্রী দেখেই। মোট ২৭১টি জায়গা প্রাথমিকভাবে চিহ্নিত করে খননকাজ শুরু হয়। তাতেই আবিষ্কার হয় প্রাচীন সভ্যতার নিদর্শন।