


নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ও রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে ২৫টি আসনের দাবি জানিয়েছেন গ্রেটার নেতা বংশীবদন বর্মন। নির্দল হিসেবে তারা লড়াই করতে চাইছে। শুধু ২৫টি আসনই নয়, সেই সঙ্গে রাজ্যের কাছে দু’হাজার রাজবংশী স্কুলের অনুমোদন, রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ডকে স্বশাসিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রের কাছে পৃথক কোচবিহার রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রস্তাবও দেওয়া রয়েছে। সেইসঙ্গে রাজবংশী ভাষাকে অষ্টম তপশীলের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। রাজ্য বা কেন্দ্র যে এই দাবিগুলি মেনে নেবে বংশীবদনের দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তাদের দিকে থাকবে। কিন্তু যদি দু’পক্ষই মেনে নেয় তাহলেও বংশীবদন বর্মনের গ্রেটার কেন্দ্রের দিকে থাকবে। তাঁর দাবি, যে নুন দেবে তার গুণ গাওয়া হবে।
কোচবিহার জেলায় প্রায় ৩৩ শতাংশ রাজবংশী ভোট রয়েছে। সারা উত্তরবঙ্গেও রাজবংশী ভোটের বড় প্রভাব রয়েছে। কোচবিহারের অপর গ্রেটার নেতা অনন্ত মহারাজ ওরফে নগেন রায়কে সম্প্রতি রাজ্য সরকার বঙ্গবিভূষণ সম্মান দিয়েছে। এদিকে, বংশীবদন বর্মন আগে থেকেই রাজ্য সরকারের কাছাকাছি রয়েছে। কিন্তু নির্বাচন এগিয়ে আসতেই তিনি এবার ভোটে ২৫টি আসন দাবি করছেন। যা বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মন বলেন, এতদিন আমরা শুধু ভোট দিয়ে এসেছি। এবার আমরা ২৫টি আসনের দাবি করেছি। সেইসঙ্গে আরও কিছু দাবি জানানো রয়েছে। যে এই দাবিগুলি মেনে নেবে আমরা তার পক্ষে থাকব। যদি দু’পক্ষই মেনে নেয় তাহলে আমরা কেন্দ্রকে প্রাধান্য দেব।