


নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে মেদিনীপুরের রাজনৈতিক ময়দানে। মাছ বিক্রি, সবজি বিক্রি, চপ ভাজার পর এবার নর্দমা পরিষ্কার করে প্রচারে নেমে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী শংকর গুছাইত। অন্যদিকে, প্রচারের কৌশলে ভিন্ন পথে হাঁটছে তৃণমূল। বাড়ি-বাড়ি জনসংযোগ, পাড়া বৈঠক ও কর্মী সমাবেশে জোর দিয়েই নিজেদের শক্ত মাটি ধরে রাখার চেষ্টা চালাচ্ছে তাঁরা। প্রচারে তৃণমূল প্রার্থী সুজয় হাজরাকে চকোলেটের মালা পরিয়ে দেয় কচিকাঁচারা। যা দেখতে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তবে পিছিয়ে নেই বাম শিবিরও। তাঁরা ডিজিটাল মাধ্যমে লাগাতার প্রচার চালিয়ে ভোটারদের কাছে পৌঁছনোর কৌশল নিয়েছে।
জানা গিয়েছে, সোমবার বিকেলের পর থেকেই মেদিনীপুরে টানা বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টি উপেক্ষা করেই সন্ধ্যায় প্রচারে নামেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ। বৃষ্টিভেজা আবহাওয়াতেও কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পরদিন মঙ্গলবার সকালে আবহাওয়া পরিষ্কার হতেই প্রচারে নামেন বিজেপি প্রার্থী শংকর গুছাইত। এদিন তিনি মেদিনীপুর শহরের ২০ নম্বর ওয়ার্ডের কালগাঙ এলাকায় প্রচারে যান। সেখানে রাস্তায় জল জমে থাকতে দেখে নিজেই হাতে নেমে নর্দমা পরিষ্কারের কাজে লাগেন। প্রার্থীর এই কর্মসূচি ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়। অনেকেই মন্তব্য করেন, ভোট এলেই প্রার্থীদের নানা রূপে দেখা যায়। যদিও শঙ্করবাবু বলেন, রাস্তার অবস্থা খুব খারাপ মেদিনীপুরে। সামান্য বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। পুরসভা নর্দমা পরিষ্কার করছে না, তাই নিজেকেই নামতে হল।
অন্যদিকে, তৃণমূল প্রার্থী সুজয় হাজরা এদিন সকালে মণিদহ, বাগের পুকুর ও এনায়েতপুরে জনসংযোগে বের হন। বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের ভিড় ও উৎসাহ ছিল উল্লেখযোগ্য। প্রচারের সময় স্থানীয় কচিকাঁচারা তাঁকে চকোলেটের মালা পরিয়ে দেয়। যা প্রচারে এক আলাদা আবেগঘন পরিবেশ তৈরি করে। পরে বিকেলে তিনি মেদিনীপুর শহরে একটি কর্মী বৈঠকেও যোগ দেন। সুজয়বাবু বলেন, প্রচারে ভালো সাড়া মিলছে। মানুষ আমাদের পাশেই আছেন। যারা মানুষকে বিপদে ফেলে, তাঁদের ভগবানও পছন্দ করে না। এদিকে, প্রচারের দৌড়ে পিছিয়ে নেই মেদিনীপুরের সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুই। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মাঠে নামার পাশাপাশি সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রচার চালাচ্ছেন বাম নেতা-কর্মীরা। বাম প্রার্থী মণিকুন্তল বলেন, ভোটে ভালই সাড়া পাচ্ছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যাচ্ছে।-নিজস্ব চিত্র