


অভিষেক পাল, বহরমপুর: মুর্শিদাবাদ জেলার ২২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আটটি আসনে তৃণমূল প্রার্থী বদলের প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে শাসকদলের চূড়ান্ত প্রার্থীতালিকা প্রস্তুত হয়েছে, যা দলের হাই কমান্ডের কাছে আছে। খুব তাড়াতাড়ি তা প্রকাশিত হতে পারে। তৃণমূল সূত্রে খবর, এবার দু’একজন বিধায়কের আসন পরিবর্তন করা হতে পারে। আবার বেশ কিছু আসনে একেবারে নতুন মুখ বাছা হয়েছে।
মুর্শিদাবাদের বড়ঞা, ভরতপুর, ডোমকল-এই তিনটি আসনেই তৃণমূলের তরফে প্রার্থীপদে নতুন মুখ আনা হচ্ছে। সেইসঙ্গে বেলডাঙা ও রেজিনগর আসনে প্রার্থী বদল হতে পারে। রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীকে অন্যত্র প্রার্থী করার আভাস মিলছে। দলের অন্দরে লালগোলা, সাগরদিঘি ও ফরাক্কা বিধানসভায় প্রার্থী বদলের চর্চা চলছে।
কয়েকমাস আগেই ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম প্রয়াত হয়েছেন। স্বাভাবিকভাবেই এখানে নতুন কাউকে প্রার্থী করবে তৃণমূল। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিয়োগ-দুর্নীতি মামলায় জেলে রয়েছেন। তাঁর জায়গাতেও নতুন প্রার্থী ঘোষিত হবে। এই বিধানসভায় তফসিলি জাতির কোনো মহিলাকে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর দল থেকে সাসপেন্ড হয়েছেন। তিনি নতুন রাজনৈতিক দল খুলে তৃণমূলকেই বেগ দিতে চাইছেন। ভরতপুরে জেলা পরিষদের এক কর্মাধ্যক্ষকে টিকিট দিয়ে এই আসন জয়ে মরিয়া শাসকদল। রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীকে পাশের আসন বেলডাঙায় প্রার্থী করা হতে পারে বলে শোনা যাচ্ছে। শাসকদলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় এই চারটি আসনেই নতুন প্রার্থী দেওয়া হচ্ছে। এছাড়া, জঙ্গিপুর সাংগঠনিক জেলার ছ’টি আসনের মধ্যে চারটিতেই বদলের সম্ভাবনা রয়েছে।
রবিবার বিকালে ভোট ঘোষণা হতেই প্রার্থী কারা হবেন, তা নিয়ে তৃণমূলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূলের স্ট্র্যাটেজি টিমের পাশাপাশি বিভিন্ন সমীক্ষক সংস্থার কাছ থেকেও দলের শীর্ষ নেতৃত্বের কাছে রিপোর্ট গিয়েছে। সাংগঠনিকভাবেও প্রতিটি বিধানসভার পরিস্থিতি ও সার্বিক রিপোর্ট পৌঁছে দেওয়া হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। স্বচ্ছ ভাবমূর্তির ও মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, এমন নেতাদেরই প্রার্থী হিসাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, আমরা প্রত্যেকেই দলের সৈনিক। দলের নির্দেশমতোই সবাই কাজ করি। আগামী নির্বাচনে কোন আসনে কারা প্রার্থী হবে-তা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত করে ফেলেছেন। যাঁদের নাম ঘোষণা হবে-তাঁদের জন্য আমরা প্রচারে ঝাঁপিয়ে পড়ব।
শাসকদলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান বলেন, মুর্শিদাবাদ জেলায় আমাদের সংগঠন মজবুত। আমরা সারাবছর মানুষের পাশে থাকি। শীর্ষ নেতৃত্বের মনোনীত প্রার্থীদের জন্য মানুষের কাছে ভোট প্রার্থনা করব।
বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারপার্সন তথা বিধায়ক নিয়ামত শেখ বলেন, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হল। এবার দল প্রার্থী ঘোষণা করলেই আমরা প্রচারে ঝাঁপিয়ে পড়ব। শাসকদল সারাবছরই মাঠে থাকে। তাই ভোট ঘোষণা হলে আলাদা করে চাপের মুখে পড়তে হয় না। শীর্ষ নেতৃত্ব দলের প্রার্থীতালিকা খুব তাড়াতাড়ি ঘোষণা করবে।