


নিজস্ব প্রতিনিধি, আসানসোল, সংবাদদাতা বর্ধমান ও মানকর: পুজো, শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালনে মাতল দুই বর্ধমান। নববর্ষের প্রথম দিনে সকাল থেকেই বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে। পুজোর ডালি হাতে নিয়ে ভক্তরা মন্দিরে উপস্থিত হন। সন্দেশ, ফুল, মালা, চন্দনে দেবীকে পুজো দেন তাঁরা। সাজানো হয় মন্দির চত্বর। সকালেই দেবীর মন্দির খোলা হয়। তারপর হয় প্রাতঃরাশ। এরপর শুরু হয় পুজোপাঠ। অনেকেই দোকানের হালখাতা পুজো করানোর জন্য দেবী সর্বমঙ্গলার কাছে নিয়ে আসেন। মায়ের কাছে পুজো দিয়েই নতুন বছরের যাবতীয় কাজ শুরু করেন বর্ধমানের মানুষ।
অন্যদিকে, আসানসোল থেকে জামুড়িয়া, পাণ্ডবেশ্বরে বাংলা দিবস পালনে রাজপথে জনজোয়ার নামে। সব সম্প্রদায়ের মানুষ বাঙালিআনায় সেজে রাজপথে হাঁটেন। তাঁদের সঙ্গে পা মেলান নেতা, মন্ত্রী থেকে বিধায়করা। কারও ধুতি আবার কারও পাঞ্জাবি, শাড়ি নজরকাড়ে। নববর্ষের শোভাযাত্রা যেন টেক্কা দিল বিজয়া দশমীর কার্নিভালের উচ্ছ্বাসকে।
মঙ্গলবার সকালে আসানসোলে জিটি রোডের উপর বিশাল র্যালি আয়োজন করা হয়। জিটি রোডের গির্জা মোড় থেকে বাসস্ট্যান্ড, কর্পোরেশন মোড় হয়ে রাহা লেনে গিয়ে শেষ হয় এই বিশাল র্যালি। মেয়েরা লাল শাড়ি ও ছেলের অনেকেই ধুতি, পাঞ্জাবি পড়ে মিছিলের আড়ম্বর বাড়িয়ে তোলে। মহিলা ঢাকি, সহ বিভিন্ন শিল্পীরা একত্রে জমিয়ে তোলেন শোভাযাত্রা। হিন্দু, মুসলিম, শিখ সব সম্প্রদায়ের মানুষ শোভাযাত্রায় অংশ নেন। রাহা লেনে জেলা কার্যালয়ের সামনে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উপর জোরালও সাওয়াল করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়।এদিন পাণ্ডবেশ্বরেও সুসজ্জিত মহিলারা নববর্ষ লেখার কুলো হাতে র্যালির নেতৃত্ব দেন। তাঁদের পিছনে ছিল বিশাল মানুষের ভিড়। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর বিধানসভা এলাকার সকল কর্মীকে এই বিশাল র্যালি আয়োজন করার জন্য ধন্যবাদ দেন। এদিন বারাবনিতে বাংলা দিবস হিসেবে শোভাযাত্রায় অংশ নেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। জামুড়িয়াতেও বড় শোভাযাত্রা হয়।
শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবস পালন করে। এদিন গুরুদুয়ারার সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয় ক্যানাল পাড় পর্যন্ত। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, সমীর বিশ্বাস সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রানিগঞ্জে তৃণমূলের উদ্যোগে নববর্ষ পালন।-নিজস্ব চিত্র