


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সাতসকালেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। স্কুলে যাওয়ার পথেই প্রাণ হারাতে হল দুই শিশুকে। এদিন প্রায় সকাল সাড়ে ৮ টায় দুর্ঘটনাটি ঘটে। বরানগরের টবিন রোডে অনন্যা সিনেমা হলের সামনে এই মর্মান্তিক পথদুঘটনাটি ঘটে।
পুলিশ মারফত জানা গিয়েছে: আজ সকালে বাবার সঙ্গে স্কুটিতে করে খালসা মডেল স্কুলে যাচ্ছিল দুই শিশু। অভিযোগ, রাস্তার ধারে স্টোনচিপ পড়ে থাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। সেই সময় ট্রাকের ধাক্কায় তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুর। গুরুতর আহত বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। মৃতদের নাম আরাধ্যা সাউ (৯),আরভ সাউ (৬)। গুরুতর জখম তাদের বাবার নাম অভিষেক সাউ। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। তদন্ত শুরু করেছেন তাঁরা। দুর্ঘটনা কীভাবে হল তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার ধারে এভাবেই স্টোনচিপ ফেলে রাখা হয়েছিল। সেই কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।