


ওয়াশিংটন: বন্দুকবাজের গুলিতে আরও একবার রক্তাক্ত মার্কিন মুলুক। ওয়াশিটেনের সিয়াটেলে জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসবে আচমকাই চলল গুলি। রবিবার সন্ধ্যায় দুই বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে নিহত অন্তত তিনজন। জখম আরও চার। আহতদের মধ্যে রয়েছে একটি শিশুও। পুলিশ জানিয়েছে, গুলি চালানোর ঘটনায় পরপরই ফেস্টিভাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দিশাহারা হয়ে ছুটে পালাতে থাকেন। এরফলে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অপরজন পলাতক। তার খোঁজ চলছে। ঘটনাস্থল থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ সিয়াটেল সেন্টারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বার্ষিক খাদ্য উৎসবে বিভিন্ন খাবারের স্টল এবং লাইভ মিউজিক দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ভিড় এতটাই বেশি ছিল যে খাবারের স্টলগুলিতে লাইন পড়ে যায়। ঠিক সেই সময়ই ৭ থেকে ৮ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ দ্রুত গোটা এলাকা ঘিরে ফেলে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। দুই বন্দুকবাজ একে অপরকে লক্ষ্য করে বেপরোয়াভাবে গুলি চালিয়েছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান।