


কিয়েভ: ফের ইউক্রেনের ওডেসা বন্দরে বাণিজ্যিক জাহাজে হামলা! শনিবার এমভি এজিএন রাগনার নামে একটি জাহাজে হামলায় নিখোঁজ দুই ভারতীয় নাবিক। অন্য দুই ভারতীয় সুরক্ষিত বলে খবর। নিখোঁজদের সন্ধানে জোরকদমে চলছে তল্লাশি। সেখানকার প্রতি মুহূর্তের পরিস্থিতির উপর নজর রাখছে কিয়েভের ভারতীয় দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, ‘জাহাজের চার ভারতীয় নাবিকের মধ্যে দু’জন সুরক্ষিত। বাকিদের পরিস্থিতি নিয়ে খবরের অপেক্ষায় রয়েছি।’ হামলার কারণ এখনও স্পষ্ট নয়। কারা হামলা চালিয়েছিল সেটাও জানা যায়নি।
কৃষ্ণ সাগরে ইউক্রেনের প্রধান বন্দর ওডেসা। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এই বন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পুতিনের দেশ। সম্প্রতি ওডেসা ছাড়ার সময় একটি পণ্যবাহী জাহাজ আক্রমণ করেছিল মস্কো। মৃত্যু হয়েছিল বেশ কয়েকজন ভারতীয় নাবিকের। ঘটনার তীব্র নিন্দা করে নয়াদিল্লি।
ওই ঘটনার পর ফের হামলায় হরমুজের পর কৃষ্ণসাগর নিয়েও উদ্বেগ বাড়ল। এই পরিস্থিতিতে কৃষ্ণসাগর দিয়ে যাতায়াতকারী ভারতীয় নাবিকদের সতর্ক করল বিদেশমন্ত্রক। নিরাপত্তায় ঝুঁকি থাকায় ওই জলপথ দিয়ে যাওয়ার আগে বিবেচনা করতে বলা হয়েছে। শুধু নাবিকদের নয়, যে সমস্ত ভারতীয়রা জাহাজে বা ওই অঞ্চলে চাকরি নেওয়ার পরিকল্পনা করছেন, তাঁদেরও একই পরামর্শ দিয়েছে মোদি সরকার। ২০২৬ সালের এপ্রিল থেকে এখনও পর্যন্ত কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার কারণে পাঁচ ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। বিদেশমন্ত্রকের পরামর্শ, ওই অঞ্চল দিয়ে যাতায়াত করা জাহাজে কাজ নেওয়ার আগে ভাবুন। নিরাপত্তায় কোনও ঝুঁকি রয়েছে কি না, তা বিবেচনার প্রয়োজন রয়েছে। শুধু নাবিক বা চাকরিপ্রার্থী নন, নিয়োগকারী সংস্থা ও জাহাজ কর্তৃপক্ষকেও এব্যাপারে সতর্ক হতে হবে।