


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে এসে ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রিজ রিসার্চ অ্যাসোসিয়েশন এবং আইসিএআর-সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালায়েড ফাইবারস-এ এলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। সঙ্গে ছিলেন মন্ত্রকের যুগ্মসচিব (ফাইবার) পদ্মিনী সিংগলা, জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তী, ন্যাশনাল জুট বোর্ডের সেক্রেটারি ও সিইও শশীভূষণ সিং সহ অন্যান্য কর্তারা। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘নতুন ধরনের তন্তু থেকে বস্ত্র তৈরির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। ন্যাশনাল জুট বোর্ড এক্ষেত্রে উদ্ভাবন, বিভিন্ন প্রকার পণ্যের ব্যবহারে জোর দেবে। রামি, সিসাল, ব্যানানা ফাইবার বা বাম্বু ফাইবারের মতো বিকল্প তন্তুর উপর গুরুত্ব দেবে তারা। পাশাপাশি পাটের পণ্যের গুরুত্ব বাড়ানোর বিষয়েও নজর দেওয়া হবে।