


ওয়াশিংটন: ঘুরপথে ইরানকে সাহায্য করার অভিযোগ! ঘটনায় এক ভারতীয় দম্পতি ও তাঁদের সঙ্গে যুক্ত একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপাল আমেরিকা। অভিযুক্তদের নাম সুনীল কুমার শর্মা ও যশপ্রীত প্রীতি শাহিদ। অভিযোগ, ইরানের তেলবাহী জাহাজগুলিকে অবৈধভাবে ছাড়পত্র দিতেন ওই দম্পতি। মার্কিন রাজস্ব দপ্তরের দাবি, জাহাজের রেজিস্ট্রেশন করিয়ে দিত অভিযুক্তদের সংস্থা। মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও দেওয়া হত নকল শংসাপত্র। এর ফলে বিধিনিষেধ এড়িয়ে তেল সরবরাহ করত তেহরানের জাহাজগুলি। ইরানের সেনা ও তার বিভিন্ন ছায়া সংগঠনের জাহাজের ক্ষেত্রেও এই কাজ করা হত বলে অভিযোগ। সূত্রের খবর, ২০১৪ সাল থেকে এই অবৈধ কারবার চালাচ্ছিলেন সুনীল ও তাঁর স্ত্রী। বুধবার এবিষয়ে মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট বলেন, ‘হয় তুমি আমাদের সঙ্গে থাকবে, না হয় বিপক্ষে। এটাই অপারেশন ইকনমিক আউটকাস্টের আপ্তবাক্য। স্থল, জল বা আকাশ—ইরানের শাসকদের যারা সাহায্য করবে, তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করব।’