


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বদলে গেল বড়মার ট্যাগলাইন। ‘ধর্ম যার যার, বড়মা সবার’ বদলে নতুন ট্যাগলাইন ‘বড়মায়ে ভক্তি, সনাতনের শক্তি’। আজ থেকেই এই ট্যাগলাইন চালুর ঘোষণা। মন্দিরে পুরানো ট্যাগলাইন সরিয়ে, নতুন ট্যাগলাইন বসিয়েও দেওয়া হয়েছে ইতিমধ্যেই। গেরুয়া আলোয় জ্বলজ্বল করছে সেই ট্যাগলাইন। বড়মা কমিটির তরফে বলা হচ্ছে, তাঁদেরও কোনো আপত্তি নেই এই নতুন ট্যাগলাইনে।
রাজ্যে পালাবদল হয়েছে। ক্ষমতায় বিজেপি। আর এই নতুন ট্যাগলাইনকে ঘিরে বিতর্কও শুরু হয়েছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, বহু ভক্ত তাঁদের কাছে তা পরিবর্তনের আবেদনও করেছিলেন। তাই নতুন ট্যাগলাইনে খুশি হয়েছেন অনেকেই। তবে অনেকেই আপত্তিও জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বহু ভক্ত পুরানো ট্যাগলাইনকেই মন্দিরের বাইরে লাগানোর আবেদন জানাচ্ছেন।
বড় মা। নামটাই যথেষ্ট। ১০৩ বছরে পা দিতে চলেছে বড়মার পুজো। অন্যতম জনপ্রিয় এই পুজো। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাসও। নৈহাটির এই কালী মন্দিরে সারাবছরই ভিড় দেখা যায়। অনেকের মতে আগের ট্যাগলাইন ‘ধর্ম যার যার, উৎসব সবার’ ছিল আরও বেশি গ্রহণযোগ্য। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই ট্যাগলাইন বদলে গেল। অনেকেই বলছেন, ‘বড়মা সবারই থাকবে, ট্যাগলাইনে কিছু আসে যায়না। তাই আলাদা করে জানানোর প্রয়োজনও নেই। এখানে মায়ের নামই যথেষ্ট।’
এর আগে এই মন্দিরকে ঘিরে একাধিকবার বিতর্কের সৃষ্টি হতে দেখা গিয়েছে। কখনও অভিযোগ উঠেছে ভিআইপি কালচার নিয়ে, কখনও মন্দিরের পুজো দেওয়ার পরে হতাশ হতেও দেখা গিয়েছে বহু পুণ্যার্থীকে। সেখানে রাজ্যে পালাবদলের পরে সেরকম কোনো অভিযোগ এখনও শোনা যায়নি। তবে ট্যাগলাইনের পরিবর্তনের সঙ্গে পালাবদলের কোনো সম্পর্ক নেই, জানিয়েছেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। তিনি জানান, ‘নৈহাটিবাসী অনেকদিন ধরেই চেয়েছিলেন সনাতনীদের ট্যাগ লাইন থাকবে। বড়মার কমিটিতেও এই আবেদন এসেছিল। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।’ মন্দির কমিটির সদস্য জানান, ‘নতুন ট্যাগলাইন-বড়মায় ভক্তি, সনাতনের শক্তি, সাধারণ মানুষ তা সুন্দরভাবে গ্রহণ করবেন।’