


নয়াদিল্লি: চোটের জন্য আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে টি-২০ সিরিজের স্কোয়াড থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার নীতীশ রেড্ডি। বাঁ কোয়াড্রিসেপসে চোট তাঁর। আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে এই চোট পান তিনি। দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয় তাঁকে। তৃতীয় ম্যাচে খেলার সময় সেই চোট বেড়ে যায় মারাত্মকভাবে। আপাতত বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে অন্তত একমাস রিহ্যাব চলবে তাঁর। নীতীশের পরিবর্ত হিসেবে স্কোয়াডে এসেছেন ২৩ বছর বয়সি সূর্যাংশ শেদজে। সদ্য শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়া ভারত ‘এ’ দলের সদস্য তিনি। লোয়ার-মিডল অর্ডারে নেমে এই সিরিজে ১২০.৪৯ স্ট্রাইক রেটে ১৪৭ রান করেন সূর্যাংশ। ৫ ইনিংসে ২৩ ওভার হাত ঘুরিয়ে নেন ২ উইকেট। এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন তিনি।
এদিকে, মঙ্গলবারই বেলফাস্ট রওনা হল শ্রেয়স আয়ারের নেতৃত্বে ভারতীয় দল। শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০। এই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে বৈভব সূর্যবংশীর। ৩ নম্বর জার্সি গায়ে চাপবে বিস্ময় কিশোরের। ১৫ বছর বয়সি সদ্য শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বিস্ফোরক ইনিংস খেলেছে। সিনিয়র দলের সঙ্গে উড়ানে অভিষেক শর্মার পাশে বসে ছবিও তুলেছে। মনে করা হচ্ছে, এই দু’জনই আইরিশদের বিরুদ্ধে ভারতের ওপেনার। সেক্ষেত্রে সঞ্জু স্যামসন নামবেন তিনে।