


নয়াদিল্লি (পিটিআই): উপ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে একথা জানানো হয়েছে। মেয়াদ শেষের আগেই গত ২১ জুলাই উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকার। উপ রাষ্ট্রপতি পদ ফাঁকা হয়ে পড়ায় নতুন করে ভোট প্রক্রিয়া আবশ্যক হয়ে পড়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র পেশ করা যাবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণের সেই প্রক্রিয়া চলবে সংসদ ভবনের দোতলায় রুম নম্বর এফ-১০১, বসুধায়। ফল ঘোষণা হবে ৯ সেপ্টেম্বর, অর্থাৎ ভোটগ্রহণের দিনই। রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। রাজ্যসভার সচিবালয়ের দুই অফিসারকে অ্যাসিসট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন উপ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেবেন লোকসভা ও রাজ্যসভার সদস্যরা। রাজ্যসভার মনোনীত সদস্যরাও ভোটদানে অংশ নিতে পারবেন। লোকসভার ৫৪৩ জন সদস্যের মধ্যে বর্তমানে একটি পদ (বসিরহাট আসন) খালি রয়েছে। রাজ্যসভার ২৪৫ জন সদস্যের মধ্যে বর্তমানে খালি রয়েছে পাঁচটি পদ। ফলে এই মুহূর্তে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ‘ইলেকটোরাল কলেজে’র সক্রিয় সংখ্যা ৭৮২। এর মধ্যে উপ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য কোনও প্রার্থীর ৩৯১টি ভোটের প্রয়োজন। এই মুহূর্তে লোকসভা (৫৪২ এর মধ্যে ২৯৩) ও রাজ্যসভা (২৪০ এর মধ্যে ১২৯) দুই কক্ষেই ক্ষমতাসীন এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। দুই কক্ষ মিলিয়ে সরকারপক্ষের দিকে সমর্থন রয়েছে ৪২২ জন সদস্যের। ফলে উপ রাষ্ট্রপতি পদে এনডিএ শিবিরের প্রার্থীর জয়ী হওয়ায় মতো পর্যাপ্ত শক্তি রয়েছে।