


সংবাদদাতা, কাকদ্বীপ: একটি বিরল প্রজাতির কচ্ছপকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। শুক্রবার সন্ধ্যা নাগাদ কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোবিন্দপুরের রাস্তার পাশের পুকুর থেকে কচ্ছপটিকে উঠতে দেখা যায়। এক ব্যক্তি পুকুর পাড়ে গিয়ে সেটিকে ধরে ফেলেন। পরে তিনি গ্রামবাসীদের বিষয়টি জানালে তাঁরা বনদপ্তরে খবর দেন। বনদপ্তরের কর্মীরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কচ্ছপটির মাথার দুই দিকে লাল রঙ ছিল। ওজন ছিল প্রায় এক কেজি। সাধারণত এমন কচ্ছপ এখানে দেখা যায় না। তবে প্রাণীটি সম্পূর্ণ সুস্থ ছিল। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।