


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল কলকাতার বহু রাস্তা। বিপর্যস্ত হয় সাধারণ জীবন। এর পরে কেটে গিয়েছে দীর্ঘক্ষণ। মঙ্গলবার দুপুরেও মধ্য কলকাতার একাধিক রাস্তা থেকে জল নামেনি। যার জেরে নাকাল হতে হল সাধারণ মানুষকে।
মঙ্গলবার সকাল থেকে আকাশে চড়া রোদ। অথচ মধ্য কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা কেশবচন্দ্র সেন স্ট্রিট, রামমোহন সরণি পুরো জলের তলায়। যার জেরে কিছুটা শ্লথ যান চলাচল। জমা জলের কারণে সমস্যায় পথচারীরাও। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, শহরের প্রায় সমস্ত এলাকায় জল নেমে গিয়েছে। দু’-একটা রাস্তায় হয়তো এই সমস্যা আছে। দ্রুত জল সরানোর জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গতকাল সন্ধ্যায় উত্তর কলকাতায় বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই বেশি ছিল। বরানগর, সিঁথি, শ্যামবাজার, বাগবাজার, উল্টোডাঙা, মানিকতলা, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, এম জি রোড জলের তলায় চলে যায়। ক্যামাক স্ট্রিট, এসএসকেএম হাসপাতাল সংলগ্ন এলাকাতেও জল জমেছিল।