


কাঠমাণ্ডু: ‘রাজা আউ দেশ বাঁচাউ’। রাজতন্ত্র ফেরানোর দাবিতে শুক্রবার নেপালে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি। আগেও একাধিকবার প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহর সমর্থকদের মিছিল ও দাবির সাক্ষী থেকেছে নেপাল। তবে এদিন কাঠমাণ্ডুর তিনকুনে এলাকায় রাজতন্ত্রপন্থীদের সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। হাজার হাজার সমর্থক স্লোগান তুলে পুলিসের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সিপিএন (ইউনিফাইড সোশ্যালিস্ট)-এর সদর দপ্তরে ভাঙচুর চালানো হয়। পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি যানবাহন, শপিং মল, সংবাদমাধ্যমের কার্যালয়েও আগুন ধরানো হয়। চলে ব্যাপক ভাঙচুর। পুলিস ও নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। শেষমেশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালায় পুলিস। কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পাশাপাশি চলে জলকামানও। ঘটনায় বেশ কয়েকজনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। ব্যারিকেড ভাঙার অভিযোগে একাধিক যুবককে আটক করেছে পুলিস। বর্তমানে তিনকুনে, সিনামঙ্গল ও কোটেশ্বর এলাকায় জারি করা হয়েছে কার্ফু।