


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৫-২৬ অর্থবর্ষ শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। অর্থবর্ষ শেষ হওয়ার কারণে আগামী ১ ও ২ এপ্রিল পোস্ট অফিসের যাবতীয় ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে। এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে ডাকবিভাগ। তারা জানিয়েছে, পোস্ট অফিস খোলা থাকলেও ওই দুদিন সাধারণ মানুষ কোনো আর্থিক পরিষেবা পাবেন না। গ্রাহকদের মধ্যে এই ব্যাপারে সচেতনতা বাড়াতে আগে থেকেই যাতে ডাকঘরগুলিতে এই সংক্রান্ত নোটিস টাঙানো হয়, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ডাকঘরের কাউন্টারে আর্থিক পরিষেবা বন্ধ থাকার পাশাপাশি ডাক বিভাগের আওতাভুক্ত মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের আওতায় থাকা সেভিংস ব্যাংকিং পরিষেবাও বন্ধ থাকবে। লেনদেন সংক্রান্ত পরিষেবা বন্ধ থাকলেও ১ ও ২ এপ্রিল ডাকঘরের সমস্ত শাখায় চেক গ্রহণ করা হবে। কোনোভাবেই কোনো চেক ফেরত পাঠানো যাবে না। তবে ১ এপ্রিল বুধবার ক্লিয়ারিং হলিডে থাকায় চেক ক্লিয়ার করা যাবে না। কিন্তু তার পরের দিন ২ এপ্রিল সমস্ত চেককে ক্লিয়ারিংয়ের জন্য স্ক্যান করতে হবে।
ডাক বিভাগের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, ২ তারিখ অত্যন্ত দ্রুততার সঙ্গে চেক ক্লিয়ারিং এর দিকটি দেখভাল করতে হবে। তার কারণ, প্রতিমাসের ৫ তারিখ পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় খোলা অ্যাকাউন্টগুলিতে সুদ প্রদান করা হয়। তার আগে জমা পড়া চেকগুলি যাতে ক্লিয়ার হয়ে যায়, সেইদিকে নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, ৩১ মার্চ বা তার আগে যেসব চেক জমা পড়বে, সেগুলি ওইদিন, অর্থাৎ ৩১ মার্চের মধ্যেই স্ক্যান করতে হবে। ডাকঘরে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য যদি কোনো চেক গৃহীত হয় এবং ক্লিয়ার হয়ে যায়, তাহলে অ্যাকাউন্টটি ৩১ তারিখ বা তার আগে খুলতে হবে। এপ্রিল মাস অর্থাৎ পরের অর্থবর্ষে তা কোনোভাবেই টেনে নিয়ে যাওয়া যাবে না, এমনই নির্দেশ জারি করেছে ডাক বিভাগ।