


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন করে ১৫টি হোটেল তৈরির জন্য চুক্তি করল ইন্ডিয়ান হোটেলস কোম্পানি এবং অম্বুজা নেওটিয়া গ্রুপ। এর আগেও তারা একযোগে হোটেল ব্যবসায় এগিয়ে গিয়েছে। নতুন হোটেলগুলি তৈরি হবে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অংশে। জানা গিয়েছে, এই নতুন চুক্তির ফলে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি এবং অম্বুজা নেওটিয়া গ্রুপের পার্টনারশিপে মোট ৪০টি হোটেল আসতে চলেছে। ইন্ডিয়ান হোটেলস কোম্পানির এমডি ও সিইও পুনীত ছটওয়াল বলেন, মূলত ‘তাজ’ ব্র্যান্ডের আওতায় তাঁরা এই হোটেলগুলি আনবেন। আগামী পাঁচ বছরের মধ্যে সেগুলি চালু হওয়ার আশা করা হচ্ছে। এরাজ্যে চারটি হোটেল চালানো বা অপারেটিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে দু’টি সংস্থার মধ্যে। সেগুলি হল দার্জিলিংয়ের তাজ, কলকাতা ও শিলিগুড়িতে ‘সিলেকশনস’ এবং লাটাগুড়ির ‘ট্রি অব লাইফ’। অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া বলেন, পূর্ব ভারতের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতেও বিলাসবহুল ভ্রমণের প্রভূত সম্ভাবনা আছে। এই চুক্তি তাকেই বাস্তবায়িত করবে।