


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোবাইল পরিষেবা নিয়ে হরেক অভিযোগ থাকে গ্রাহকদের। কখনো কথা বলতে গিয়ে ফোন কেটে যাওয়া, তো কখনো ভিডিয়ো ডাউনলোড করতে গিয়ে বারবার থমকে যাওয়া বা বাফারিং। চড়া দামে কল এবং ডেটা প্যাকেজ কেনার পরও সরকারি-বেসরকারি সংস্থাগুলির পরিষেবা সন্তুষ্ট করতে পারে না গ্রাহকদের একাংশকে। বাস্তবে সংস্থাগুলির গুণমান কতটা উন্নত, তা পরীক্ষা করতে আসরে নেমেছিল কেন্দ্রীয় টেলিকম নিয়ামক সংস্থা ‘টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া’ বা ট্রাই। সেখানেও ধরা পড়েছে পরিষেবায় খামতির ছবি। তবে সবচেয়ে কঠিন পরিস্থিতি বিএসএনএলকে ঘিরেই, উঠে এসেছে রিপোর্টে।
পরিষেবার বহর যাচাইয়ে কলকাতা থেকে কচুবেড়িয়া হয়ে গঙ্গাসাগর পর্যন্ত সড়কপথে পাড়ি দেন ট্রাইয়ের কর্তারা। গঙ্গার ধার ঘেঁষে হওয়া ওই টেস্ট ড্রাইভে দেখা হয় মোবাইল সিগন্যাল কতটা জোরালো। এয়ারটেলের ক্ষেত্রে ১৮ হাজার ১৮৬ বার স্যাম্পল নেওয়া হয়। দেখা গিয়েছে ১ হাজার ৫১টি জায়গায় সিগন্যালের অবস্থা ভালো নয়। ভিআইয়ের ক্ষেত্রে ১৮ হাজার ১২২টি স্যাম্পেলে সেই সংখ্যা ১ হাজার ৮১৯। জিওর ক্ষেত্রে ১৮ হাজার ১৪৯টি স্যাম্পল পরীক্ষা করে দেখা যায় ১ হাজার ৪৭৪টি ক্ষেত্রে সিগন্যাল ভালো নয়। বিএসএনএলের স্যাম্পল সংখ্যা ছিল ১৬ হাজার ৩৩৮। ১০ হাজার ৩২৬টি ক্ষেত্রেই সিগন্যালের অবস্থা করুণ, এমন চিত্রই উঠে এসেছে রিপোর্টে। কভারেজ একদমই নেই, এমন পরিস্থিতি বাকিদের ক্ষেত্রে প্রায় দেখা না গেলেও, গোটা যাত্রাপথে ৬২৩টি জায়গায় কোনো মোবাইল কভারেজই দিতে পারেনি বিএসএনএল।
আসা যাক কল ড্রপে। কথা বলতে বলতে ফোন কেটে যাওয়াই কল ড্রপ। এয়রেটেলের মাধ্যমে মোট ১৩০ বার কথা বলেছেন ট্রাই কর্তারা। ১২৯ বারই কথা বলতে বলতে ফোন কাটেনি। একবার মাত্র কেটেছে। একইভাবে ভিআই ১৩৩ বার সফল হয়েছে, ৯ বার হয়নি। জিও ১৩০ বার সফল হয়েছে, দু-বার হয়নি। বিএসএনএলের ক্ষেত্রে ১২৪ বার সফলভাবে কথা বলা গেলেও, ২৪ বার কল ড্রপ হয়েছে। ডেটা পরিষেবার ক্ষেত্রেও বেসরকারি সংস্থাগুলির চেয়ে অনেকটা পিছিয়ে পড়েছে বিএসএনএল। কলকাতা থেকে গঙ্গাসাগর যাত্রায় এয়ারটেলের ডেটা ডাউনলোডের গড় স্পিড ছিল ৫৫.৯৩ এমবিপিএস। ভিআইয়ের ক্ষেত্রে তা ২৪.২৩ এমবিপিএস। ডাউনলোডের ক্ষেত্রে সবচেয়ে ভালো পরিষেবা দিয়েছে রিলায়েন্স, ৮৬.৫৩ এমবিপিএস। বিএসএনএলের ক্ষেত্রে তা মাত্র ৫.৯৫ এমবিপিএস। এক্ষেত্রে অবশ্য বেসরকারি সংস্থাগুলি ফোর এবং ফাইভ জি পরিষেবা দিলেও, বিএসএনএল দিয়েছে টু এবং ফোর জি পরিষেবা। ডেটা আপলোডের ক্ষেত্রেও পরিস্থিতি ছিল প্রায় একই। এয়ারটেলে গড় স্পিড ৫.৫৪, ভিআইতে ৩.৪৩, রিলায়েন্সে ৪.৯৫ এমবিপিএস হলেও, বিএসএনএলে তা ১.৬৫ এমবিপিএস। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসাবে কবে বিএসএনএল পরিষেবায় অন্যান্যদের সঙ্গে পাল্লা দিতে পারবে, বা আদৌ তাদের সেই সদিচ্ছা আছে কি না, এই রিপোর্টের পর সেই প্রশ্নই তুলছেন গ্রাহকদের একটা বড়ো অংশ।