


ইম্ফল, ১৫ মে: মণিপুরের চান্ডেলে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস। ১০ জঙ্গিকে নিকেশ করেছে অসম রাইফেলসের জওয়ানরা। দীর্ঘদিন ধরে অশান্ত মণিপুর। আপাতত রাষ্ট্রপতি শাসন চলছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিয়েছেন মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লা। শান্তি ফেরাতে তৎপর জওয়ান ও মণিপুর পুলিস। এর মাঝেই গতকাল, বুধবার রাতে সেনার ইস্টার্ন কমান্ডের কাছে গোপন সূত্রে খবর আসে, যে মণিপুরের চান্ডেল জেলায় নিউ সমতল গ্রামের কাছে প্রচুর আগ্নেয়াস্ত্র নিয়ে লুকিয়ে রয়েছে জঙ্গিরা।
ওই এলাকাটি ভারত-মায়ানমার সীমান্তের খুব কাছেই। খবর পেয়েই ওই এলাকায় পৌঁছন অসম রাইফেলসের জওয়ানরা। তল্লাশি চালানোর সময়ে জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। পাল্টা জওয়ানরাও জবাব দেয়। আর তাতেই খতম হয় দশজন জঙ্গি। এমনটাই জানিয়েছে সেনার ইস্টার্ন কমান্ড। ওই জঙ্গিদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে অসম রাইফেলসের আরও জওয়ান ও মণিপুর পুলিস। আন্তর্জাতিক সীমান্ত কাছে থাকায় জোরকদমে ওই এলাকায় চলছে তল্লাশি। কোনও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে কিনা তাও খুঁজে দেখা হচ্ছে।