


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: চাকরির দাবিতে সোমবার দুপুরে আচমকা নবান্নে প্রবেশ করতে উদ্যত হন কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগের চাকরিপ্রার্থীরা। এদিন দুপুর ৩ টে নাগাদ শিবপুরের কাজিপাড়া থেকে নবান্নের কাছে আসেন এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চের ৩০ জন চাকরিপ্রার্থী। মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার দাবি তুলে তাঁরা নবান্নে প্রবেশ করতে চান। নবান্নের বাইরে থাকা ডিউটিতে থাকা হাওড়া সিটি পুলিসের কর্মীরা তাঁদের বাধা দেন। চাকরিপ্রার্থীদের মধ্যে ১৯ জনকে আটক করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়। এদিন সন্ধ্যা পর্যন্ত তাঁদের থানাতেই আটক করে রাখা হয়। চাকরিপ্রার্থীদের দাবি, কোর্টে মামলা বিচারাধীন থাকার কারণে তাঁরা নিয়োগপত্র হাতে পাচ্ছেন না। সুপ্রিম কোর্টে সুপার নিউমেরারি পদ সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানিতে রাজ্য সরকার যাতে উপযুক্ত পদক্ষেপ নেয়, সেজন্যই মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে চেয়েছিলেন তাঁরা। তাঁদের নবান্নের বাইরে আটক করার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। দ্রুত চলে আসেন পুলিস কমিশনার প্রবীণ ত্রিপাঠি সহ হাওড়া সিটি পুলিসের পদস্থ কর্তারা। -নিজস্ব চিত্র