


নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: পেঁয়াজের মধ্যে সিমকার্ড রেখে তা জেলের ভিতরে পাচারের চেষ্টা! অভিনব কায়দায় কৃষ্ণনগর সংশোধনাগারে সিম পাচার করতে গিয়ে ধরা পড়ল এক মহিলা। শুক্রবার কোতোয়ালি থানার পুলিস তাকে গ্রেপ্তার করে। ধৃতের নাম শারমিমা বিবি। তার বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতকে শনিবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। বিচারক ধৃতের তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ওই মহিলার কাছ থেকে ১৩টি সিমকার্ড বাজেয়াপ্ত হয়েছে।
জানা গিয়েছে, ধৃত মহিলা তার স্বামীকে দেওয়ার জন্যই সিমগুলি সংশোধনাগারে নিয়ে আসে। তবে এতগুলি সিমকার্ড কেন সংশোধনাগারে আনা হচ্ছিল, সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে পুলিস প্রশাসনের। কৃষ্ণনগর পুলিস জেলার ডিএসপি শিল্পী পাল বলেন, আমরা ঘটনার তদন্ত করছি। সংশোধনাগারে ১৩টি সিম ঢোকানোর সময় এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিসি হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। ধৃত মহিলার স্বামী মাদক মামলায় বিগত আড়াই বছর ধরে কৃষ্ণনগর সংশোধনাগারে বন্দি রয়েছে।